এক কোটি টাকার রাসায়নিক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে আমদানির অভিযোগে রাজধানীর কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে সাড়ে ১২ টন তরল রাসায়নিক জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা রাসায়নিকের মূল্য প্রায় এক কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এসব তরল রাসায়নিক কাগজ ছাপার কাজে ব্যবহার করা হয়। আরামবাগ এলাকার ম্যাস ট্রেড সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠান এই রাসায়নিক আমদানি করেছে। চীন থেকে সমুদ্রপথে দুই সপ্তাহ আগে রাসায়নিকের চালানটি চট্টগ্রাম হয়ে কমলাপুর আইসিডিতে আসে। এখান থেকেই অবৈধভাবে এগুলো বের করা হতো। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রাসায়নিকের নমুনা জব্দ করে র্যা ব সদর দপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল মঙ্গলবার কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, রাসায়নিক আমদানি করে প্রায় ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।