এক কোটি ভারতীয় জাল রুপিসহ ছয়জন আটক
জাল এক কোটি ভারতীয় রুপিসহ ছয়জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ এই ছয়জনকে আটক করা হয়।
র্যা ব বলেছে, এই ছয়জন মুদ্রা ও মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। এঁরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ ওরফে সেলিম (৪২), মো. জাহাঙ্গীর (৪৫), আবদুল খালেক (৫৫), মো. কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) ও মামুনুর রশীদ (৪৫)।
উত্তরায় র্যা বের সদর দপ্তরে গতকাল শুক্রবার সংবাদ বিফ্রিংয়ে র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে বিমানবন্দর পদচারী সেতু এলাকা থেকে আবদুল্লাহ সেলিম, জাহাঙ্গীর ও খালেককে আটক করে র্যা ব-১-এর একটি দল। এঁদের কাছ থেকে ৭০ লাখ জাল ভারতীয় রুপি, ৯ হাজার ১২৫ ডলার, ২১টি পাকিস্তানি জাল পাসপোর্ট, আটটি বাংলাদেশি পাসপোর্ট, ১১০ সৌদি রিয়াল, বিভিন্ন দূতাবাসের জাল সিল ও সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের কাছে একটি রেস্তোরাঁর সামনে থেকে রাতেই কামরুল, সুফিয়ান ও মামুনুর রশীদকে আটক করা হয়। এই তিনজনের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় রুপি, ৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৪৩ হাজার ১৯০ পাকিস্তানি রুপি, ১৩ হাজার ৬২৭ দিরহাম, সাতটি এয়ারপোর্ট ভিজিটর্স পাস, পাঁচটি মোবাইল ফোন, চারটি বিদেশি সিম কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল পারমিট ফরম আটক করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, এই চক্রের মূল হোতা আবদুল্লাহ। তিনি ১৯৭৯ সালে পাকিস্তানে চলে যান। করাচিতে তৈরি পোশাকের ব্যবসা করার সময় মানব পাচার ও জাল মুদ্রা পাচারকাজে জড়িয়ে পড়েন তিনি। এ জন্য তিনি বাংলাদেশে প্রায়ই যাতায়াত করেন। আন্তর্জাতিক মাফিয়া ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিমের সহযোগী আসলাম সুরিয়া, আরিফ, জাভেদ ও হানিফের সঙ্গে আবদুল্লাহর যোগাযোগ রয়েছে। পাকিস্তানে পাসপোর্টবিহীন যেসব বাংলাদেশি আছেন, তাঁদের বাংলাদেশে আসা-যাওয়ায় আবদুল্লাহ, জাহাঙ্গীর ও খালেক সহযোগিতা করতেন। এসব বাংলাদেশির মাধ্যমে পাকিস্তান থেকে জাল ভারতীয় রুপি এ দেশে আনান তাঁরা।
মুফতি মাহমুদ খান বলেন, ভারতীয় জাল মুদ্রাগুলো নিখুঁতভাবে পাকিস্তানে ছাপানো হয়। পাকিস্তান থেকে আসা যাত্রীদের কাছ থেকে জাল রুপির চালানগুলো বুঝে নিতেন কামরুল। তিনি এসব চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাঠাতেন। ভারতে তাঁদের সহযোগীদের কাছে ১ লাখ জাল রুপি ৪০ থেকে ৪৫ হাজার ভারতীয় মুদ্রায় বিক্রি করা হতো। জাল রুপি বিক্রির অর্থ দিয়ে ডলার কিনে সেগুলো পাকিস্তানে পাঠাতেন আবদুল্লাহ, জাহাঙ্গীর ও খালেক। পাশাপাশি চোরাইপথে ভারতের যেসব পণ্য বাংলাদেশে আসত, সেসব পণ্যের মূল্য এই জাল টাকায় পরিশোধ করা হতো। পরিশোধের কাজটি করতেন মালদহের রাজন কর্মকার নামের এক ব্যক্তি।
জাল রুপিসহ বিভিন্ন দেশের মুদ্রা, জাল পাসপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল বিমানবন্দর থানায় মামলা হয়েছে।