এক গৃহবধূকে পিটিয়ে হত্যা আরেকজনের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জেরে গৃহবধূ নাছিমা আক্তারকে (২৪) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
একই দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ফাতেমার মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।
নাছিমার স্বজনেরা জানান, চার বছর আগে ভদ্রবিলা ইউনিয়নের পাইকাড়া গ্রামের আক্কেল ভূঁইয়ার ছেলে তাহলিম হোসেনের সঙ্গে আউড়িয়া গ্রামের আবির সরদারের মেয়ে নাছিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাহলিম বিভিন্ন সময় নাছিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। গতকাল সকালে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে তাহলিম পিটিয়ে নাছিমাকে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। দাম্পত্যজীবনে বাজ নামে তাঁদের এক ছেলেসন্তান (৩) রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর তাহলিম হোসেন ও তাঁর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
এদিকে মৃত ফাতেমা বেগম গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। তাঁর স্বামী ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ফাতেমা বেগম একই উপজেলার মেরী পোপিনাথপুর গ্রামের মৃত জাহিদুল হকের মেয়ে। তাঁর আড়াই বছর ও নয় মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবর শোনার পরই শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান।
ফাতেমা বেগমের মা আম্বিয়া বেগম অভিযোগ করেন, ‘গত বুধবার গভীর রাতে আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়। বসতঘরের বেড়া কেটে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’
গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সোবাহান বলেন, ওই গৃহবধূ যে ঘরে ঘুমিয়েছিলেন সেই ঘরে টিনের বেড়ার বড় একটি অংশ কাটা অবস্থায় দেখা গেছে। শ্বাসরোধে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তা আত্মহত্যা না হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মুকুল হোসেন সরদার জানিয়েছেন, লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।