এক ঘণ্টায় ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরে গতকাল বুধবার দুপুরে দুর্বৃত্তরা এক ঘণ্টার ব্যবধানে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত করেছে। দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগের সাবেক এক নেতার নির্দেশে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত দুই নেতা হলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাব্বির আহমেদ ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল হক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের প্রেসক্লাব সড়কে কয়েকজন যুবক জিআই পাইপ নিয়ে সাব্বিরের ওপর হামলা চালায়। এতে তিনি জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাব্বিরের ওপর হামলার প্রায় এক ঘণ্টা পর শহরের নতুন পৌর ভবন এলাকায় শামসুলের ওপর একই ব্যক্তিরা হামলা করে। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে ফেলা হয়। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সাব্বির ও শামসুলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে বলেন, শহরের পাল পাড়ার তিন যুবকের নেতৃত্বে আট থেকে দশজনের একটি দল এ হামলায় জড়িত। ছাত্রলীগের সাবেক এক নেতার নির্দেশে তাঁদের ওপর এ হামলা হয়। তবে ওই নেতার নাম তাঁরা প্রকাশ করেননি।

কেন হামলার শিকার হয়েছেন, এ সম্পর্কেও তাঁরা কোনো মন্তব্য করেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরেই এ হামলা হয়েছে।

এ ব্যাপারে গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় মুঠোফোনে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদউজ্জামান বলেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর পরিস্থিতি শান্ত রাখতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।