এক ঘরে দুই ছাত্রীর লাশ
রাজশাহীতে একই ঘরে সপ্তম শ্রেণির দুই ছাত্রীর লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর মতিহার থানার শাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দুই স্কুলছাত্রী হলো শাহাপুর এলাকার মুক্তার হোসেনের মেয়ে উম্মে মারিয়া শম্পা ও একই এলাকার নাজমুল হোসেনের মেয়ে তামিমা খাতুন বন্যা। তারা দুজনই চারঘাট থানার বেলঘড়িয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। মুক্তার হোসেনের বাড়িতে এই দুজনের লাশ পাওয়া যায়। সেখান থেকে পুলিশ একটি ‘চিরকুট’ উদ্ধার করেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মারিয়ার মা শরিফা ও তামিমার বাবা নাজমুল হোসেনের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরে দুই বান্ধবী স্কুলের টিফিনের সময় বাড়িতে এসে খাবার খেয়ে যায়। স্কুল ছুটির পর মারিয়া বাড়ি ফিরে আসে। তার বন্ধু তামিমা নিজের বাড়িতে না গিয়ে মারিয়ার বাড়িতেই আসে। তারা ঘরে ঢুকে ড্রয়িং রুমে গল্প করছিল। এ সময় মারিয়ার মা জরুরি কাজে বাড়ির বাইরে যান। তার বাবা চিকিৎসার জন্য ভারতে আছেন। বিকেল সাড়ে চারটার দিকে মারিয়ার মা বাসায় ফিরে বাড়ির বাইরের দরজা ভেতর থেকে লাগানো পান। অনেক ডাকাডাকি সত্ত্বেও তারা সাড়া না দেওয়ায় তিনি ঘরে ঢুকে দেখেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো দুজনের লাশ ঝুলছে। মারিয়ার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে মতিহার থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তবে এলাকার কয়েকজন জানান, তামিমাকে স্থানীয় এক স্কুলছাত্র ও মারিয়াকে স্থানীয় এক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক উত্ত্যক্ত করতেন।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।