এক চেয়ার নিয়ে দুই 'স্যারের' টানাটানি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ দাবি করে দুই ব্যক্তি ‘চেয়ার টানাটানি’ করছেন।
জানা গেছে, ২০১২ সালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন আলাউদ্দিন-আল-আজাদ। গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এ ছাড়া দোয়ারাবাজারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান কবীর চৌধুরীকে কুলাউড়ায় বদলি করা হয়। বদলি আদেশের চিঠিতে সাত দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ওই সময়সীমার মধ্যে যোগদান না করলে কর্মকর্তারা সরাসরি অব্যাহতি পাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। শাহজাহান কবীর চৌধুরী ২ অক্টোবর কুলাউড়ায় যোগদান করেন। কিন্তু আলাউদ্দিন-আল-আজাদ নির্ধারিত সময়সীমার মধ্যে দোয়ারাবাজারে যোগদান করেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার শাহজাহান কবীর চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর নির্ধারিত কক্ষে গিয়ে চেয়ারে বসেন। এর কিছু সময় পর আলাউদ্দিন-আল-আজাদ ওই কক্ষে ঢুকে চেয়ারে বসতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই ব্যক্তিকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে যান।