পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক আবাসিক শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিক্ষার্থীর নাম জীবন মাহমুদ (২২)। তিনি দর্শন চতুর্থ বর্ষের ছাত্র। বাড়ি জেলার সুজানগর উপজেলা উদয়পুর গ্রামে। তিনি কলেজের শহীদ শামসুজ্জোহা মুসলিম হলে থাকেন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের আশপাশের এলাকার কিছু বখাটে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিল। সম্প্রতি কলেজের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে জীবন মাহমুদের সঙ্গে বহিরাগত ব্যক্তিদের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে ঘটনার দিন সকালে কয়েকজন যুবক ক্যাম্পাসে ঢুকে হল থেকে জীবনকে ডেকে বের করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার প্রতিবাদে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির মজুমদার বলেন, ‘আমরা আহত শিক্ষার্থীর খোঁজখবর নিচ্ছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’