এক ছাত্রকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা। গত রোববার রাতে কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্মীদের দাবি, ছিনতাইকারী সন্দেহে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, ওই শিক্ষার্থী ছিনতাইকারী নন। তিনি মানসিকভাবে অসুস্থ।
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ পাশে বসে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন ছাত্রলীগ কর্মী ও ৪২তম ব্যাচের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র রবিউল ইসলাম। এ সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র দেবাশীষ জিৎ নানা মন্তব্য করে তাঁদের বিরক্ত করেন। তখন রবিউল তাঁর পরিচয় জানতে চাইলে দেবাশীষ অসংলগ্ন কথাবার্তা শুরু করেন। এ সময় রবিউল হলে ফোন করেন। ফোন পেয়ে প্রায় ২০ জনের একটি দল সেখানে এসে দেবাশীষকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা আবু সৈয়দ জিন্নাহ ঘটনাস্থলে গিয়ে দেবাশীষকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সোমবার দুপুরে পরিবারের সদস্যরা এসে দেবাশীষকে বাড়িতে নিয়ে যান।
জানতে চাইলে রবিউল বলেন, ‘সে (দেবাশীষ) হঠাৎ আমাদের দিকে এগিয়ে এসে আমার বান্ধবীর ব্যাগে হাত দেয়। তখন আমি তাকে ছিনতাইকারী সন্দেহে ধরে ফেলি। পরে হলের জুনিয়ররা এসে তাকে কিছুটা মারধর করে।’
দেবাশীষের বিভাগ ও হলের একাধিক শিক্ষার্থী জানান, চতুর্থ বর্ষ থেকে তাঁর মানসিক অসুস্থতা শুরু হয়। অসুস্থতার কারণে তিনি মাঝেমধ্যে অসংলগ্ন আচরণ করেন। তাঁর চিকিৎসা চলছে।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’