এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অন্যজনের শ্লীলতাহানি
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত বুধবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ দুটি ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রুবেল ফরাজী (১৯) দশম শ্রেণির ওই ছাত্রীকে কাগজে মুঠোফোন নম্বর লিখে দেয়। নম্বরটিতে কল না করায় গতকাল দুপুরে অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীটিকে লাঞ্ছিত করেন রুবেল। টের পেয়ে স্থানীয় লোকজন ও বিদ্যালয়টির শিক্ষকেরা গিয়ে রুবেলকে আটক করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। ইউএনও শাহ মো. কামরুল হুদা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে ছয় মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অপর একটি বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফিরছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। এ সময় বিদ্যালয়টির সামনের প্রসাধনীর দোকানি সোহেল ফকির (২৮) মেয়েটিকে ডেকে নেন। মেয়েটিকে অনেকক্ষণ বসিয়ে রেখে একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন সোহেল।
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক গতকাল ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।