
দুই ছাত্রীকে ধর্ষণের পর শাফাতের বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এক ছাত্রীর বন্ধুকে রেইনট্রি হোটেলে মারধর করেন। বিল্লাল মুঠোফোনে এই মারধরের ভিডিওচিত্র ধারণ করেছিলেন।
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন গতকাল রোববার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।
তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে গতকাল আদালতে পাঠানো হলে তিনি সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার প্রধান আসামি শাফাত আহমেদসহ এই মামলায় এ নিয়ে তিনজন আদালতে জবানবন্দি দিলেন। পাঁচ আসামির সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়।
এদিকে গতকাল শাফাতসহ ধর্ষণ মামলার তিন আসামির পাঁচটি মুঠোফোন ও একটি পাওয়ার ব্যাংক (বহনযোগ্য বৈদ্যুতিক চার্জার) পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে পাঠানোর অনুমতি দেন আদালত।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় ধর্ষণ মামলার আসামি বিল্লালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা তিন দিনের রিমান্ড শেষে গতকাল সকালে শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান খাসকামরায় জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিল্লাল আদালতকে বলেন, শাফাত গাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে আনতে তাঁকে পাঠিয়েছিলেন। এরপর তিনি ওই দুই ছাত্রীকে রেইনট্রি হোটেলে নিয়ে আসেন। এক ছাত্রীর বন্ধু ছিলেন তাঁদের সঙ্গে। ওই হোটেলে আরও তিন তরুণী ছিলেন। দুই ছাত্রীকে ধর্ষণের পর শাফাতের বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ ধর্ষণের শিকার এক ছাত্রীর বন্ধুকে রেইনট্রি হোটেলে মারধর করেন। বিল্লাল তা ভিডিও করেছিলেন। অবশ্য পরে তা মুছে ফেলা হয়। পুলিশ আশা করছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ভিডিওচিত্রটি উদ্ধার করা যাবে। তবে বিল্লাল ধর্ষণের ভিডিও করেছেন—জবানবন্দিতে এমন কোনো কথা বলেননি, যদিও এজাহারে বিল্লালের বিরুদ্ধে ধর্ষণের ঘটনার ভিডিও করার অভিযোগ করা হয়েছে।
পরীক্ষাগারে মুঠোফোন
গতকালমামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেনের ছেলে সাদমান সাকিক ও শাফাতের গাড়িচালক বিল্লালের কাছ থেকে জব্দ করা মোট পাঁচটি মুঠোফোন থেকে ফুটেজ উদ্ধার করতে সিআইডির ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। এরপর মুঠোফোনগুলো সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়।
ডিএনএ নমুনা মেলানো হচ্ছে
রিমান্ডে থাকা নাঈম আশরাফ (আবদুল হালিম) জিজ্ঞাসাবাদে এক ছাত্রীকে ছাত্রীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিআইডির পরীক্ষাগারে নাঈমের ডিএনএ নমুনা মেলানোরঅনুমতি দিয়েছেন মহানগর হাকিম দেলোয়ার হোসেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঘটনার দিন নাঈমের ধর্ষণের শিকার এক ছাত্রী তাঁর পরনের সালোয়ার-কামিজ সেই অবস্থাতেই সংরক্ষণ করে রেখেছিলেন। সেগুলো আলামত হিসেবে জব্দ করে ইতিমধ্যে সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কাপড়ে পাওয়া ডিএনএর সঙ্গে নাঈমের নমুনার ডিএনএ মিলিয়ে দেখা হবে। গ্রেপ্তারকৃত অন্যরা বলেছেন, আরেক ছাত্রীকে ধর্ষণ করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ।
গতকাল ঢাকার পৃথক একটি আদালতে শাফাত ও সাদমানের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।
নাঈম আশরাফের (আবদুল হালিম) রিমান্ডের গতকাল রোববার ছিল তৃতীয় দিন। জিজ্ঞাসাবাদে তিনি দুই ছাত্রীকে ধর্ষণের আগে ও পরে সেদিন কী ঘটেছিল, সে সম্পর্কে তথ্য দিচ্ছেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, হোটেল রেইনট্রির ফুটেজ এক মাস পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। সে জন্য ওই হোটেলে সিসি ক্যামেরা পরিচালনার সরঞ্জাম (ডিভিআর) জব্দ করে তা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মুছে গেলেও ওই চিত্রগুলো উদ্ধার করা যাবে বলে তিনি আশা করেন।
পুলিশের একজন কর্মকর্তা জানান, যেহেতু রেইনট্রি হোটেলের মালিকের ছেলের মাধ্যমে শাফাত ওই হোটেল বুকিং নিয়েছিলেন, প্রয়োজনে তাঁকেও আবার জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্ত কমিটির সময় বৃদ্ধি
বনানী থানা-পুলিশের ভূমিকা নিয়ে গঠিত পুলিশের তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিতে আরও তিন দিন সময় নিয়েছে। কমিটি সূত্র জানায়, দুই ছাত্রীর মামলা নিতে বিলম্ব, ধর্ষণের শিকার ছাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং আসামি গ্রেপ্তারে বনানী থানা-পুলিশের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
তদন্ত কমিটির সদস্য ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটি আরও তিন দিন সময় নিয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেবে তারা।
তদন্ত কমিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে, তাঁদের শাস্তি পেতেই হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করে শাফাত ও নাঈম। বাকি তিনজন তাঁদের সহযোগিতা করেন। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে এক ছাত্রী বনানী থানায় মামলা করেন। মামলায় শাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়। ইতিপূর্বে সব আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে শাফাতসহ চার আসামি কারাগারে আছেন। নাঈম আশরাফ রিমান্ডে আছেন।