এক ছাত্রের লাশ ভুট্টা খেতে পুঁতে রাখলেন আরেক ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পারকুন্ডা দিঘীয়া গ্রাম থেকে পুলিশ আজ বৃহস্পতিবার একজনের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম শামীম (১৮)। তিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। এ ঘটনায় পুলিশ মো. হাসান (২০) নামে ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া কওমী মাদ্রাসার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পারকুন্ডা দিঘীয়া এলাকার শামীম মুঠোফোনের মেমোরি কার্ড কিনতে একই এলাকার মো. হাসানকে কিছু টাকা দেন। হাসান ওই টাকা নিয়ে রানীশংকৈল বন্দর এলাকার একটি মুঠোফোনের দোকানে মেমোরি কার্ড কিনতে যান। কিন্তু তিনি মেমোরি কার্ড না কিনে চুরি করেন। পরে সেই ঘটনা তিনি শামীমকে জানান। শামীম ঘটনাটি দোকানের মালিককে বলে দেন। দোকানের মালিকের জিজ্ঞাসাবাদে হাসান চুরির কথা স্বীকার করেন। শামীম মুঠোফোনে হাসানের এই স্বীকারোক্তি ভিডিও করে নেন।

এই ঘটনার পর শামীম বলতে থাকেন, বছর খানিক আগে তাঁর বাড়ি থেকে নয় হাজার টাকা চুরি যায়। হাসান ওই টাকা নিয়েছেন। তিনি হাসানের কাছে টাকা ফেরত চান। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে গতকাল বুধবার বিকেলে হাসান টাকা ফেরত দিতে রাজি হন। শামীমকে ডেকে নিয়ে আড়াই হাজার টাকা দিতে চাইলে তিনি তাতে রাজি হননি। পরে শামীকে হত্যা করে তাঁর লাশ পাশের ভুট্টা খেতে পুঁতে রাখেন হাসান। আজ বেলা ১১টার দিকে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে। হাসানকে আটক করলে তিনি এভাবে ঘটনার বর্ণনা দেন বলে পুলিশ জানায়।

রানীশংকৈল থানার পরিদর্শক(তদন্ত) খায়রুল আনাম বলেন, শামীমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শামীমের বাবা হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।