এক জঙ্গির লাশ হস্তান্তর, সাতজন এখনো অজ্ঞাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কাগমারায় র‍্যাবের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি আহসান হাবীবের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার নওগাঁর রানীনগরে গ্রামের বাড়িতে তাঁর দাফন হয়।

গুলশান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে এই প্রথম একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলো। গতকাল রাতে আহসান হাবীবের বাবা মো. আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার আমি টাঙ্গাইলে গিয়ে ছেলেকে শনাক্ত করি। বুধবার পুলিশ লাশ বুঝিয়ে দেয়। ওই রাতেই বাড়িতে এনে ছেলেকে দাফন করেছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আহসান হাবীব গত জুলাইয়ে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর বাবা আলতাব হোসেন প্রথম আলোকে জানান। তিনি বলেন, ‘ছেলে রাজশাহী থেকে নিখোঁজ হওয়ার পর ৭ জুলাই সেখানকার থানায় জিডি করেছিলেন। নওগাঁ পুলিশকেও জানিয়ে রেখেছিলেন। কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি।’

এ দিকে ৮ অক্টোবর গাজীপুরের পাতারটেক ও হাঁড়িনাল, টাঙ্গাইলের কাগমারা ও ঢাকার আশুলিয়ায় পুলিশ-র‍্যাবের অভিযানে নিহত ১২ জনের মধ্যে ৭ জনের পরিচয় গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি। এই ১২ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের লাশ (আশুলিয়ায় নিহত) ঢাকা মেডিকেল কলেজের মর্গে ও টাঙ্গাইলের কাগমারায় নিহত আরেকজনের লাশ টাঙ্গাইলে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি প্রথম আলোকে বলেন, ‘আজও মৃতদেহগুলো শনাক্ত করতে বেশ কজন অভিভাবক এসেছিলেন। কিন্তু কেউই তাঁদের স্বজনদের সঙ্গে চেহারার মিল খুঁজে পাননি।’

এর আগে গুলশানের হলি আর্টিজানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জন ও কল্যাণপুরে নিহত নয়জনের লাশ বেওয়ারিশ হিসেবে দুই দফায় রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

জঙ্গিদের লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্তে কোনো পরিবর্তন এসেছে কি না, জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘লাশের জিম্মাদার পুলিশ। স্বজনেরাই এমন সন্তানের দায় নিতে চায় না।’

অন্য লাশগুলোও হস্তান্তর করা হবে কি না, জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিদের লাশ তাঁদের পরিবারই নিতে চায়নি।’ তিনি বলেন, জঙ্গিদের ধারণা ছিল তাঁরা খুবই জনপ্রিয়। কিন্তু যখন তাঁরা জানতে পারেন যে স্বজনেরাই তাঁদের লাশ নিতে চাইছেন না, তখন তাঁদের ভুল ভাঙে। এসব কারণে অনেকেই জঙ্গিবাদ থেকে সরে এসেছে।

এদিকে প্রথম আলোর গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি জানান, যেসব বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়েছিল সেগুলোতে অন্য ভাড়াটেদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ ছাড়া আশুলিয়ায় র‍্যাবের অভিযানে পাঁচতলা থেকে পড়ে নিহত সন্দেহভাজন জঙ্গির পরিচয়ও গতকাল পর্যন্ত জানা যায়নি। ওই ব্যক্তির স্ত্রী শাহনাজ আক্তার রিমান্ডে আছেন। নিহত ব্যক্তির বাসা থেকে তাঁর যে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়, তাতে দেওয়া ঠিকানা ভুয়া। তাতে নাম লেখা আবদুর রহমান।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আবুল কালাম আজাদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তির স্ত্রী শাহনাজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় আমরা খুব সংবেদনশীলতার সঙ্গে কাজ করছি। তবে দ্রুতই আমরা ওই ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় ও তাঁর কার কার সঙ্গে যোগাযোগ আছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারব।’