পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের রামগড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতের পুলিশ সাদিককে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করেছে।
তরিকুল ইসলাম, সুমন, রেহান শেখ প্রভৃতি নামে পরিচিত ছিলেন সাদিক। পুলিশ বলেছে, বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনার আগেই সাদিক ঝাড়খন্ডে চলে যান এবং জঙ্গি কার্যক্রমে সক্রিয় হন। ওই বিস্ফোরণের ঘটনা তদন্তে নিয়োজিত ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সাদিককে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল।
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বলেছে, খাগড়াগড় বিস্ফোরণের বছর পাঁচেক আগে সাদিক ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার সাতগাছি গ্রামে আসেন। মুর্শিদাবাদ ও মালদহে জেএমবির কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কাজে অংশ নেন। ৩৫ বছর বয়সী এই সাদিক বিয়ে করেন সাতগাছি গ্রামেরই এক তরুণীকে। পুলিশের দাবি, সাদিকের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
গত বছরের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ের একটি দোতালা বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তাতে দুজন নিহত ও একজন আহত হন। সাদিককে নিয়ে বর্ধমান বিস্ফোরণে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২১ জন।