এক জেলায় মাথা অন্য জেলায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর মাসুদ সিকদার (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার খণ্ডিত মস্তক ও দুটি হাত উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে উপজেলার বিষখালী নদীর রগুয়ার চর এলাকা থেকে মাথাটি উদ্ধার করা হয়। এরপর দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাংগা খাল থেকে একসঙ্গে বাঁধা অবস্থায় দুটি হাত উদ্ধার করা হয়।
মাসুদ উপজেলার পশ্চিম সিটকি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি স্থানীয় আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সাতানি বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে মাসুদ নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে রোববার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছোট ভাই মামুন সিকদার।
গতকাল সকালে বিষখালী নদীতে একটি খণ্ডিত মস্তক ভাসতে দেখে লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে। এরপর মাসুদের ছোট ভাই মামুন মাথাটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মাথাটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুপুরে ভান্ডারিয়া উপজেলার মাটিভাংগা খালে দুটি হাত ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে মামুন সিকদার হাত দুটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় মামুন বাদী হয়ে পার্শ্ববর্তী উত্তর চরাইল গ্রামের রিপন তালুকদারকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
মামুন সিকদার অভিযোগ করেন, রিপন তালুকদারের পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে মাসুদকে হত্যা করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, অপহরণের পর মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে লাশ টুকরা করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপন তালুকদার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, ‘মাসুদের পরিবারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে আমার কিছুই জানা নেই। এ ধরনের হীন কর্মকাণ্ডের সঙ্গে আমি বা আমার পরিবার জড়িত নয়।’ তিনি নিজেও এ হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেন।