ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জলদস্যুরা হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ, জাল ও মাছ লুট করে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।
পালিয়ে আসা জেলেরা বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে মেঘনা নদীর জাংলার চর এলাকায় কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। হঠাৎ দস্যুরা জেলেদের ওপর হামলা করে ট্রলারের মালামাল ও মাছ লুট করে। এ সময় জেলেরা পালানোর চেষ্টা করলে দস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
দস্যুদের হামলার মুখে পাঁচ জেলে নদীতে ঝাঁপ দেন। পরে তাঁরা সাঁতরে তীরে ওঠেন। দস্যুরা চলে যাওয়ার সময় ট্রলারসহ রাকিব মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া দস্যুরা কয়েক লাখ টাকার জাল ও মাছ লুট করে।
মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁরা ডাকাতির খবর পেয়েছেন। তবে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ নদীতে টহল দিচ্ছে।