এক টাকার হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা শহরে ২০ বছরের বেশি সময় ধরে রিকশা চালান মকবুল হোসেন। তিন বছর আগে কেনা মোবাইল ফোনে দু-তিন দিন পর তিনি ২০ থেকে ৩০ টাকা রিচার্জ করেন। এ জন্য প্রতিবারই তাঁকে বাড়তি এক টাকা দিতে হয়। মানে, ২০ টাকা রিচার্জ করলে তিনি পান ১৯ টাকা। কেন এক টাকা কম পান—এমন প্রশ্নে তাঁর সরল উত্তর, ‘রিচার্জওয়ালা এক টাকা রাখি দেয়।’
মকবুলের মতো যাঁরা কম পরিমাণ টাকা মোবাইলে রিচার্জ করেন, তাঁদের সবারই অভিজ্ঞতা কমবেশি একই রকম। ৩০ টাকার কম মুঠোফোনে ভরলে বাড়তি এক টাকা দেওয়া এখন অনেকটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অথচ মোবাইল অপারেটররা বলছে, এভাবে বাড়তি এক টাকা আদায় অবৈধ।
মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ২০ থেকে ২২ কোটি টাকা ইলেকট্রনিক রিচার্জের মাধ্যমে লেনদেন হয়। সে হিসাবে প্রতি মাসে কমপক্ষে ৬০০ কোটি টাকার লেনদেন হয়। বছরে যা দাঁড়ায় ৭ হাজার ২০০ কোটি টাকা। সবকিছুর হিসাব থাকলেও কম টাকা রিচার্জের কারণে সাধারণ জনগণের পকেট থেকে বছরে কত টাকা বেরিয়ে যাচ্ছে, তার কোনো হিসাব নেই।
রাজধানী ঢাকাসহ ১০টি বিভাগীয় শহর ও জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সবখানেই রিচার্জ ব্যবসায়ীরা একইভাবে বাড়তি টাকা আদায় করছেন। এভাবে একজন খুচরা ব্যবসায়ী গড়ে প্রতিদিন কমপক্ষে ১০০ টাকার বেশি আয় করেন। মফস্বল এলাকাগুলোতে তা দাঁড়ায় গড়ে ৫০ টাকা।
মোবাইল রিচার্জ যে সিম কার্ডের মাধ্যমে করা হয়, সেটিকে বলা হয় ‘রিচার্জ সিম’। সারা দেশে গ্রামীণফোনের এমন রিচার্জ সিম আছে ৩ লাখ ৯৫৪। সব অপারেটর মিলিয়ে দেশে মোট রিচার্জ সিমের সংখ্যা আট লাখের বেশি। এর বাইরে পরিবেশক, রিচার্জ-সংশ্লিষ্ট অপারেটরদের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে এ খাতের সঙ্গে সরাসরি কর্মরত আছেন প্রায় ১৪ লাখ মানুষ। শুধু গ্রামীণফোনের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লাখ মানুষ।
রিচার্জ-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে এক লাখ রিচার্জ ব্যবসায়ী ২০ টাকা বাড়তি আদায় করলে সাধারণ গ্রাহকদের দিনে বাড়তি গুনতে হয় ২০ লাখ টাকা। এক মাসে বাড়তি এ টাকার পরিমাণ দাঁড়ায় ছয় কোটি টাকা, আর বছরে দাঁড়ায় ৭২ কোটি টাকা।
দেশের আট লাখের বেশি খুচরা রিচার্জ ব্যবসায়ীর আদায় করা বাড়তি টাকার পরিমাণ প্রকৃতপক্ষে আরও অনেক বেশি।
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে প্রতি এক হাজার টাকা রিচার্জ করার জন্য ২ দশমিক ৭৫ শতাংশ হারে ২৭ টাকা ৫০ পয়সা পেয়ে থাকেন খুচরা ব্যবসায়ীরা। তবে সিটিসেল ও টেলিটকের ক্ষেত্রে এ কমিশন ৩ শতাংশ অর্থাৎ প্রতি হাজারে ৩০ টাকা। এটাকে যথেষ্ট মনে করেন না খুচরা ব্যবসায়ীরা। ভারতেও এ কমিশনের পরিমাণ আড়াই থেকে সাড়ে ৩ শতাংশ।
খুচরা রিচার্জ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘যে কমিশন আমরা পাই, বর্তমান বাজারের তুলনায় তা খুবই নগণ্য। কমিশন বাড়াতে আন্দোলনের পাশাপাশি আমাদের দাবিদাওয়া ইতিমধ্যেই এফবিসিসিআই ও মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবে উত্থাপন করেছি।’ বাড়তি টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, সমিতির সদস্যভুক্ত কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এভাবে বাড়তি টাকা আদায়ের কারণ হিসেবে কয়েকজন খুচরা রিচার্জ ব্যবসায়ী জানান, যে টাকা কমিশন হিসেবে পাওয়া যায়, তা দিয়ে জীবিকা নির্বাহ করা তো দূরের কথা, দোকানের ভাড়া তোলাই কঠিন। তাই বাধ্য হয়েই তাঁরা এ বেশি টাকা নেন।
খুচরা রিচার্জ বিক্রেতারা ২০ টাকা বা ১০ টাকা রিচার্জে গ্রাহকদের কাছ থেকে এক টাকা কেটে রাখা প্রসঙ্গে রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের টাকা কেটে রাখাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। খুচরা রিচার্জকারীদের আমরা যথাযথ ও প্রাপ্য কমিশন দিয়ে থাকি। যদি আমাদের কোনো খুচরা রিচার্জ বিক্রেতা এ ধরনের অনৈতিক কাজ করে, তাহলে সম্মানিত গ্রাহকদের রবির টোল ফ্রি নম্বর ১৫৮-এ ফোন দিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করব।’
ইলেকট্রনিক রিচার্জের বাইরে স্ক্র্যাচ কার্ড, ব্যাংকের মোবাইল ফোন হিসাব, ওয়েবসাইট, খুদে বার্তাসহ আরও কয়েকটি উপায়ে মুঠোফোন রিচার্জ করা যায়। সম্প্রতি ব্যাংকের এটিএমের মাধ্যমে মোবাইল রিচার্জ করার সুবিধা চালু করেছে রবি।
তবে এসব পদ্ধতির মধ্যে ইলেকট্রনিক রিচার্জ বা ফ্লেক্সিলোডকেই মোবাইলে টাকা ঢোকানোর সহজতম পদ্ধতি বলে মনে করেন গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল। ব্যবসায়ীদের বাড়তি টাকা আদায়ের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণফোন সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপির ভিত্তিতে পণ্য বিক্রয় করে থাকে। খুচরা বিক্রেতারা এমআরপির ভিত্তিতে তাদের বিক্রির ওপর নির্ধারিত কমিশন পেয়ে থাকে। কোনো বিক্রেতা যদি এমআরপির বাইরে অতিরিক্ত অর্থ ক্রেতার কাছ থেকে নিয়ে থাকে, সেটার সঙ্গে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই।’
রিচার্জে বাড়তি টাকা আদায়ের বিষয়টিকে রিচার্জ ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন গ্রাহক। খুলনার ময়লাপোতা এলাকার গ্রাহক জাহাঙ্গীর আলম বলেন, ‘রিচার্জে বাড়তি টাকা কেটে নেওয়ার বিষয়টি অনেক সময় জানানোরও দরকার মনে করেন না ব্যবসায়ীরা। ২৫ টাকা রিচার্জ করে ২৪ টাকা পাওয়ায় কম মূল্যে কথা বলার বিশেষ কয়েকটি সুযোগ আমি পাইনি—এটা কেন হবে?’
বাংলালিংকের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, খুচরা ব্যবসায়ী বা পরিবেশকেরা রিচার্জের নামে গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে পারে না। বাড়তি টাকা চাইলে গ্রাহকদের তা না দেওয়ার অনুরোধ করেন তাঁরা।
গ্রাহক সচেতন হলে বাড়তি এ টাকা আদায় যে আটকানো সম্ভব, তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ ছাত্র ও নেতাদের ভয়ে সেখানকার ব্যবসায়ীরা বেশির ভাগ ক্ষেত্রে বাড়তি এক টাকা কেটে রাখার সাহস পান না। কিন্তু বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শাহবাগ মোড়, নীলক্ষেত, চানখাঁরপুল এলাকার চিত্র আবার ভিন্ন। সেখানে ঠিকই বাড়তি এক টাকা আদায় করা হচ্ছে। ঢাকার অন্যান্য এলাকার চিত্র কমবেশি একই। গাজীপুর, সাভারের মতো শ্রমিক-ঘন এলাকায় রিচার্জে বাড়তি টাকা আদায়ের হার অন্যান্য এলাকার চেয়ে বেশি।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বগুড়া ও গাজীপুর প্রতিনিধি}