এক টুকরা তারের জন্য প্রতিবন্ধীকে হাতুড়িপেটা!
এক টুকরা তারের জন্য ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ব্যক্তির নাম আজহারুল ইসলাম (৩৫)। তিনি চরভেলামারী গ্রামের বাসিন্দা। গতকাল তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজহারুল ইসলাম বলেন, সোমবার তিনি গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। পথে পায়ে ব্যথা পেয়ে মাটিতে বসে পড়েন। কিসে আঘাত পেলেন তা দেখাতে মাটি হাতড়ে সেখানে রডের স্তূপ টের পান। সেখান থেকে তিনি এক টুকরা তার তুলে নিয়ে যেতে থাকেন। এ জন্য প্রতিবেশী মিরাজ মিয়া (৪৫) ক্ষিপ্ত হয়ে তাঁকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি হাতে থাকা হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। এতে আজহারুল ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তির বড় বোন হাসনা বেগম বলেন, পাড়ার লোকজনের মুখে মারধরের খবর শুনে স্বজনদের নিয়ে আজহারুলকে উদ্ধার করে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বিবরণী সূত্রে জানা যায়, ভারী বস্তুর আঘাতে আজাহারুলের মাথার তালুতে ক্ষত ও পিঠে জখম হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে চরভেলামারী গ্রামে গিয়ে মিরাজ মিয়াকে পাওয়া যায়নি।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান হাসপাতালে গিয়ে আহত আজহারুল ইসলামের সঙ্গে কথা বলে এসেছেন।