এক ট্রাক অস্ত্র মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আলোচিত এক ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনার অন্যতম আসামি আশিস দেব বর্মাকে (৩২) গ্রেপ্তার করেছে হবিগঞ্জের চুনারুঘাট থানার পুলিশ। 
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাতছড়ির জাতীয় উদ্যানের টিপড়াহাটি থেকে আশিসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০০৩ সালে বগুড়ার কাহালু থানায় আনারসবোঝাই একটি ট্রাক থেকে প্রায় ৪০ হাজার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ওই ট্রাকের চালক ছিলেন টিপড়াহাটির আদিবাসী আশিস। অস্ত্র উদ্ধারের ঘটনায় কাহালু থানায় মামলা হয়। পলাতক আশিসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
হবিগঞ্জের চুনারুঘাট থানা-পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে চারটার দিকে টিপড়াহাটিতে অভিযান চালিয়ে আশিসকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, কাহালু থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার অন্যতম আসামি আশিস। তাঁকে আজ দুপুরে হবিগঞ্জ আদালতে নেওয়া হবে।