এক ট্রাক থামাতে গিয়ে আরেক ট্রাকের ধাক্কা পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি ট্রাককে থামাতে গিয়ে আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ট্রাফিকের পরিদর্শক (টিআই) সরোজ কুমার রায় (৫৬)। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার গোয়ালকান্দি গ্রামের পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাফিক পরিদর্শক সরোজ সকাল থেকে শহরের রাজবাড়ী মোড় এলাকায় কর্মরত ছিলেন। তিনি বরিশালগামী একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সংকেত দিলে চালক তা অমান্য করে সামনের দিকে এগিয়ে যান। তখন পরিদর্শক নিজের ব্যবহৃত সাদা রঙের সরকারি মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকের পিছু নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরোজ ট্রাকটির ডান পাশ দিয়ে অতিক্রম করে চালককে বারবার দাঁড়ানোর জন্য সংকেত দিতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে অন্য একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে অন্য ট্রাকে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ট্রাক দুটি পালিয়ে যায়। নিহত সরোজের বাড়ি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া মহল্লায়।
ফরিদপুরের ট্রাফিক সার্জেন্ট তুহীন লস্কর জানান, সরোজের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।