এক তরুণীকে হত্যার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরে আজ শনিবার এক কলেজছাত্রীকে হত্যার পর হত্যাকারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সকাল সোয়া নয়টার দিকে মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী লিজা আক্তার ও মাইক্রোবাসচালক রবিউল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রবিউল লিজাকে জবাই করার পর নিজের গলায় চাকু চালিয়ে আত্মহত্যা করেন। তাঁরা দুজনই ঘটনাস্থলে নিহত হন।

নিহত লিজা মশিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ​ছিলেন। তিনি পৌরসভা এলাকার পূর্ব কুখাপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

লিজার চাচাতো ভাই মো. জাকির হোসেন বলেন, অন্যান্য দিনের মতো সকাল সাতটার দিকে লিজা বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাঁচ মাথায় প্রাইভেট পড়তে যান। সেখান থেকে ফেরার পথে মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনের রাস্তায় হত্যার শিকার হন।

জাকির দাবি করেন, ওই মাইক্রোচালক প্রায় সময় তাঁকে উত্ত্যক্ত করতেন। এর মধ্যে এক রাতে লিজার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বলে রবিউল তাঁকে (লিজা) নিয়ে যেতে দুটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশায় করে লোকজন পাঠিয়েছিলেন। পরে খবর নিয়ে জানা যায় ঘটনাটি মিথ্যা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে রবিউলকে শাসানোও হয়েছিল।

প্রত্যক্ষদর্শী লিজার বান্ধবী সবিতা রানী রায় বলেন, ‘নয়টার দিকে প্রাইভেট শেষ হলে আমরা তিন বান্ধবী হেঁটে বাড়ি ফিরছিলাম। আমাদের তিনজনের মধ্যে শম্পা অধিকারী কিছুটা সামনে ছিল। আমি ও লিজা পাশাপাশি হাঁটছিলাম। এ সময় পেছন দিক থেকে রবিউল এসে লিজার গলায় চাকু বসিয়ে জবাই করেন। লিজা কিছুদূর দৌড়ে রাস্তার পাশে পড়ে গেলে রবিউল নিজের গলায় চাকু চালিয়ে আত্মহত্যা করেন। রাস্তার আশপাশে এ সময় কোনো লোকজন ছিল না। আমার চিৎকারে লোকজন ছুটে আসেন।’ একই রকম কথা বলেন শম্পা অধিকারীও।

রবিউল ইসলামের ভাই শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। লোকমুখে শুনে সেখানে যাই।’ তিনি আরও​ বলেন, তাঁদের বাড়ি জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের নগরবন্দ কীর্তনিয়াপাড়া গ্রামে। রবিউল উত্তরা ইপিজেডের সনি কোম্পানির মাইক্রোবাসচালকের চাকরি করতেন। সেই সুবাদে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ইপিজেডের কোয়ার্টারে থাকতেন।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।