এক থানার ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে অপহরণ ও গুমের অভিযোগে এক মা যশোর কোতোয়ালি মডেল থানার সাত কর্মকর্তাসহ ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। জেলা শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী হীরা খাতুন আজ মঙ্গলবার মামলাটি করেছেন।

যশোর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর রহমান পিটিশন গ্রহণ করে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম শহিদুল ইসলাম, আমির হোসেন ও হাসানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজন গাজী, সেলিম মুন্সি, বিপ্লব হোসেন ও সেলিম আহম্মেদ, কনস্টেবল আরিফুজ্জামান, রফিকুল ইসলাম, মো. রমজান, হাবিবুর রহমান, আবু বক্কার, মিজান শেখ, মাহমুদুর রহমান, রাজীবুল ইসলাম ও টোকন হোসেন।

অভিযোগে হীরা খাতুন বলেন, গত ৫ এপ্রিল সকাল ১০টার দিকে তাঁর একমাত্র ছেলে সাইদ ও তাঁর বন্ধু শাওন যশোর শহরের পৌর পার্কে বেড়াতে যান। দুপুর ১২টার দিকে সাব্বির হোসেন নামের এক যুবক তাঁকে (হীরা খাতুন) ফোন করে জানান, পুলিশ সাইদ ও শাওনকে পৌর পার্ক থেকে আটক করেছে। খবর পেয়ে তিনি পৌর পার্কে যান এবং দেখতে পান পুলিশ সাইদ ও শাওনকে ধরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দৌড়ে গাড়ির কাছে গিয়ে পুলিশের কাছে তার ছেলেকে আটক করার কারণ জানতে চান। কিন্তু পুলিশ জবাব না দিয়ে তাঁকে থানায় গিয়ে যোগাযোগ করতে বলে। এরপর তিনি থানার সামনে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তাঁকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যা সাতটার দিকে দুই পুলিশ সদস্য তাঁকে ডেকে ছেলেকে ছাড়ানোর জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে না পারায় পুলিশ তাঁর ছেলেকে ছাড়েনি।

৭ এপ্রিল বাদী হীরা খাতুন পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানতে পারেন, তাঁর ছেলে সাইদ ও তাঁর বন্ধু শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে তিনি থানায় যান। তবে পুলিশ তাঁকে কোনো সহায়তা করেনি। পরে আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, পুলিশ এ ঘটনায় আদালতে একটা মামলা করেছে। ওই মামলায় তাঁর ছেলে ও শাওন পালিয়ে গেছেন বলে উল্লেখ করা হয়েছে। এরপর তিনি ছেলের সন্ধানে অনেকবার পুলিশের কাছে গেছেন। বারবার পুলিশ তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছে। একপর্যায়ে ছেলের সন্ধান চেয়ে তিনি গত ৩০ মে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এখনো তিনি তাঁর ছেলে ও ছেলের বন্ধুর খোঁজ পাননি।

অভিযোগে আরও বলা হয়, দুই লাখ টাকা ঘুষ না পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে পুলিশ পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা এবং তাঁদের লাশ গুম করে ফেলতে পারে বলে বাদী সন্দেহ করছেন। এ জন্য তিনি ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শুনেছি, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। পিবিআইকে তদন্তের দায়িত্বও দিয়েছেন আদালত। তবে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। কুচক্রী মহলের ইন্ধনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই মামলাটি করা হতে পারে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘সাঈদ ও শাওন নামে দুই সন্ত্রাসীকে পুলিশ আটক করেছিল। পরে তারা পুলিশের হাত থেকে পালিয়ে যায়। তাদের পুনরায় আটক করা সম্ভব হয়নি। সাঈদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতি এবং বোমা বিস্ফোরণসহ ১৯টি মামলা ও শাওনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’

যে পুলিশ সদস্যদের কাছ থেকে আসামি পালিয়ে যান, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ওসি আজমল হুদা বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে এসআই শহিদুল ও এসআই আমিরকে প্রত্যাহার করে প্রথমে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে শহিদুলকে খুলনা মহানগর ও আমিরকে নড়াইল থানায় বদলি করা হয়।’