এক দিন নদীতে ভাসলেও লাশ উদ্ধার করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের খোয়াই নদ থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। লাশটি এক দিন নদীতে ভাসছিল। হবিগঞ্জ সদর থানার পুলিশকে এলাকাবাসী খবর দিলেও তারা দায়িত্ব নেয়নি বলে অভিযোগ উঠেছে।
হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, গত বুধবার বিকেলে লাশটি যখন নদীতে ভাসছিল, তখন তাঁরা খবরটি হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে জানান। এ খবর পেয়ে লাশটি উদ্ধার করেনি পুলিশ। এদিকে ভাসমান লাশটি পানির স্রোতে ভেসে শহরের চৌধুরী বাজার এলাকায় চরে গিয়ে আটকা পড়ে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন দাবি করেন, লাশের বিষয়ে তাঁদের কেউ খবর দেননি। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাঁদের সহযোগিতায়ই ওই লাশ উদ্ধার করেছে।
এদিকে এ খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশ গতকাল ঘটনাস্থল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় যায় এবং লাশটি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়কের বাসিন্দা ব্যবসায়ী সনজিৎ কুমার দাসের (৫৬) বলে শনাক্ত করে।
শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানায়, সনজিৎ কুমার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় চায়ের ব্যবসা করতেন। তিনি ১৪ জুন থেকে নিখোঁজ ছিলেন।