এক দিন পরেই আবার রেলপথের ওপরে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদের এক দিনের মাথায় আবারও চট্টগ্রামে রেলপথে ভাসমান বাজার বসেছে। নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় রেলপথের ওপরের এই বাজার আবার জমজমাট হয়ে উঠেছে। এ ছাড়া নগরের জানালীর হাট, আমবাগান এলাকায়ও রেলপথের ওপর এবং আশপাশে ভাসমান বাজার, বস্তি ও দোকান রয়েছে।
ঢাকার কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভাসমান বাজারের চার ক্রেতা-বিক্রেতা নিহত হওয়ার পর চট্টগ্রামে রেলপথ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে শনিবার দুপুরে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকার রেললাইনের ওপর থেকে ভাসমান বাজার উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের এক দিন পর রোববার সকাল থেকে এই দোকানগুলো আবার বসা শুরু করে। এই রেলপথটি দিয়ে চট্টগ্রাম-নাজিরহাট ও চট্টগ্রাম-দোহাজারী যাত্রাপথে ট্রেন আসা-যাওয়া করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলে এই পথ দিয়ে।
সরেজমিনে দেখা গেছে, দুই রেলপথের মাঝখানে চট বিছিয়ে বিকিকিনি করছেন দোকানিরা। এ ছাড়া রেলপথের পাশেও বসেছেন কয়েকজন বিক্রেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, ‘উচ্ছেদ করে দিয়েছিল। আমরা গরিব মানুষ যাব কই। কিছু আয়ের আশায় বসেছি।’
দেলোয়ার নামের অপর দোকানি রেললাইনের পাশে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করছিলেন। তিনি বলেন, ‘এই বাজারটি অনেক পুরোনো। আমরা এখানে সবজি, ফলমূল বিক্রি করি। এ জন্য কাউকে চাঁদা দেই না।’
অথচ রেললাইনের পাশেই রয়েছে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স নামে বিশাল বৈধ কাঁচাবাজার।
এ বিষয়ে কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার সমিতির আহ্বায়ক মো. এয়াকুব চৌধুরী বলেন, ‘আমরা এখানে লাখ লাখ টাকা দিয়ে দোকান কিনেছি। আমাদের বাজারের বাইরে আবার রেললাইনের ওপর ভাসমান বাজার উঠেছে। ওই বাজার আমাদের ক্ষতি করছে। উচ্ছেদ করার এক দিনের মাথায় তারা আবার বসেছে।’
রেলপথে আবার বাজার বসা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান ভূসম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমরা তাদের উচ্ছেদ করেছিলাম। এখন তারা আমাদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলছে। আমরা রেল পুলিশকেও বলেছি। এখন কী করতাম! যদি আবার বসে, তাহলে আবারও উচ্ছেদ করা হবে। আমরা বাজার স্থায়ীভাবে উচ্ছেদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’