এক দিনে অজ্ঞান পার্টির ১৮ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার আগে রাজধানীতে তৎপর অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) ও রাজধানীর বিভিন্ন থানার পুলিশ কখনো এককভাবে আবার কখনো যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে গত শনিবার রাত থেকে পৃথক অভিযানে অজ্ঞান পার্টি চক্রের ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান থানার কলাবাগান আন্তজেলা হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১৪ টি চেতনানাশক ট্যাবলেট, ৫ টি মানিব্যাগ ও ৬টি ব্লেড উদ্ধার করা হয়।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি, ডিবি (উত্তর) শেখ নাজমুল আলমের নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মো. তরিকুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, সাধারণত দূরপাল্লার গাড়িগুলোকে তাঁরা টার্গেট করে থাকে। কলাবাগান বাস স্ট্যান্ড থেকে একা বাসে উঠা যাত্রীকে তারা অনুসরণ করে। পরবর্তী সময়ে খাতির জমিয়ে পিঠা বা অন্যান্য খাবার সরবরাহ করে। আবার কখনো কখনো বাসে দেওয়া পানির বোতল কৌশলে বদলে দিয়ে তাঁরা চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয়। এভাবেই অজ্ঞান করে তারা একজন যাত্রীর মালামাল লুটে নেয়।

এদিকে, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন নিয়ামুল শরীফ আহাম্মেদ, মো. আল আমিন, কবির আকন, কালু মিয়া, সাদ্দাম, আলমগীর হোসেন, আলম ওরফে শাহআলম, হাফিজ মিয়া ওরফে টুকু ও বিল্লাল ব্যাপারী। এ সময় মোস্তাকিম নামে একজন ভিকটিম এবং ১০০টি নেশাজাতীয় এটিভেন-২ ট্যাবলেট ও ১টি চুরি করা সিএনজি উদ্ধার করা হয়।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার বাসটার্মিনাল এলাকা থেকে অজ্ঞান পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন সুমন, সোহেল, সাইফুল ও রকিব। তাঁদের কাছ থেকে ১০টি মিলাম ট্যাবলেট, ৪০টি নকটিন ট্যাবলেট ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে ডাব, শরবত, কোমল পানীয় অথবা চায়ের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে যাত্রী অথবা সিএনজিচালিত অটোরিকশা চালকদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। তাঁরা টার্গেট হিসেবে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস যাত্রী এবং এ সময় কোরবানির ঈদ উপলক্ষে গরু ব্যবসায়ীদের বেছে নেয়।