ঢাকা মেডিকেলেই এক দিনে সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নারীসহ আরও সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের গত সোমবার রাত নয়টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

অজ্ঞান পার্টির কবলে পড়ে এ নিয়ে গত এক মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯১ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরামবাগ ও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুটি চক্রের ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মো. আলম (৪৪), আহমদ আলী (৪৪), রনি (২৩), জয়নাল মুন্সি (২৩), সবুজ মিয়া (৩৯), জয়নাল মাতব্বর (২৪), জাকির হোসেন (৬৮), চান মিয়া (৫৪), মো. সুলতান (২৭), হাবিব (৫৯), জহুরুল হক (৪৫), মজনু (৩০) ও মামুন (২৬)।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. আলম ও চান মিয়া প্রতারক চক্র দুটির প্রধান। এ নিয়ে গত এক সপ্তাহে এ ধরনের প্রতারক চক্রের ২৪ জনকে গ্রেপ্তার করা হলো।

 এসব প্রতারক বাস, ট্রেন, লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে একপর্যায়ে উচ্চক্ষমতাসম্পন্ন ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় বা কোনো খাবার খাইয়ে দেয়। এভাবে যাত্রীদের অজ্ঞান করে তাঁর টাকা বা মালামাল নিয়ে যায়। এসব চক্র বিভিন্ন বাস-লঞ্চ টার্মিনাল, গরুর হাটসহ জনবহুল এলাকায়ও সক্রিয় থাকে। 

গতকাল দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অচেতন হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তিকে শাহবাগ মোড় থেকে, বিকেলে বায়তুল মোকাররম এলাকা থেকে একজন নারী বাসযাত্রী (২২), গোলাপ শাহ মাজারের কাছে আরেক বাসযাত্রী কলেজছাত্র আবু সুফিয়ান ও সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও পথচারীরা। তাঁদের মধ্যে আবু সুফিয়ান জ্ঞান ফেরার পর বলেন, বাসে পাশে বসা এক ব্যক্তির দেওয়া আচার খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

এর আগে সোমবার সন্ধ্যায় মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে ডাব কিনে খেয়ে বাসে ওঠেন ব্যবসায়ী মাজহারুল ইসলাম। কিছুক্ষণ পর তিনি ঝিমাতে থাকেন। মগবাজার পৌঁছানোর পর দুই ব্যক্তি এসে তাঁকে সহানুভূতি জানিয়ে পাশে বসার চেষ্টা করেন। তখন ওই ব্যবসায়ী বুঝতে পেরে দৌড়ে নেমে পড়েন এবং পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে তাঁর ভাই এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।