বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ এবং সেই সঙ্গে ৭২ ঘণ্টা হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার সহিংসতায় প্রাণ হারালেন আরও ১২ জন। প্রায় এক মাস ধরে চলা এই কর্মসূচিতে রাজনৈতিক সহিংসতায় এক দিনে নিহত ব্যক্তিদের সংখ্যা এটাই সর্বোচ্চ।
এদিন কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় সাতজন, বরিশালে ট্রাকে পেট্রলবোমা হামলায় দুজন, লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং যশোরে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর ‘ট্রাকচাপায়’ দুজন মারা গেছেন।
একই দিন ময়মনসিংহে ফায়ার সার্ভিসের কার্যালয়ের ভেতরে ঢুকে একটি গাড়িতে, কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানে, গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা এবং ঢাকা, ভৈরব, গাইবান্ধা, বাগেরহাটে বাস ও পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সহিংসতা চালানো হয়েছে নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনাসহ আরও কিছু স্থানে।
এ ছাড়া ৭২ ঘণ্টার হরতাল ৩৬ ঘণ্টা বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত করা হয়েছে। এতে করে আবারও পেছানো হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
লাগাতার অবরোধ কর্মসূচির গতকাল ছিল ২৯তম দিন। গত রাত ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯টি গাড়িতে করা হয় পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ। ভাঙচুর করা হয় অন্তত আটটি।
নাশকতার আশঙ্কা, সহিংসতায় জড়িত থাকার অভিযোগ, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ২৭৭ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে ২০ দলের ডাকে। তবে এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৮ জন। আহত সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৪৩৬টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৪৭৮টি।
হরতাল বাড়ল: দেশব্যাপী চলা হরতাল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ ২০-দলীয় জোটের পক্ষে এ ঘোষণা দেন। এর আগে গত রোববার সকাল থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, নেতা-কর্মীদের খুন-গুম, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব নেতা-কর্মী ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদেই ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এ হরতাল।
পেছাল এসএসসি পরীক্ষা: হরতালের জন্য আজ বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে আবারও। এই পরীক্ষা আগামী শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। আজ এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত রোববার থেকে এই পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু হরতালের কারণে ওই দিনের পরীক্ষাও পেছানো হয়। রোববারের পরীক্ষা আগামী শুক্রবার নেওয়ার কথা রয়েছে।
রাজধানীতে বাসে আগুন, ককটেল: গতকাল রাতে রাজধানীর তেজগাঁও, জয়কালীমন্দির ও বিমানবন্দর এলাকার তিনটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসগুলো পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দর স্টেশনের পাশে দাঁড়ানো একটি খালি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়। রাত সাড়ে আটটার দিকে নাবিস্কো মোড়ের কাছে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গাজীপুর থেকে সায়েদাবাদে যাচ্ছিল। রাত নয়টা ৫০ মিনিটে জয়কালীমন্দিরের কাছে বোরাক পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়। বাসটি নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে আসছিল।
উত্তরার আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গতকাল সকাল সাড়ে আটটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। মালিবাগ চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। বাসটি মাওয়ায় যাচ্ছিল। বিকেল চারটার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ছাড়া সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার ইসলামবাগ কাঁচাবাজারের সামনে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) পরিচ্ছন্নতাকর্মী আবদুল আজিজ (৫০) ও একটি দোকানের কর্মচারী নয়ন (১৬) আহত হয়। দুজনের হাত-পা ঝলসে গেছে।
পরে পৌনে আটটার দিকে মািলবাগ চৌধুরীপাড়ায় ককটেলের বিস্ফোরণে আখতার হোসেন (৫০) নামে এক পথচারী আহত হন। আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের কাছে। সন্ধ্যায় শান্তিনগর মোড়েও অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ হয়। নগরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিকেল পাঁচটার দিকে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাছে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। অচেতন অবস্থায় পুলিশের প্রহরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত আটটার দিকে পুলিশ খিলগাঁওয়ের হাওয়াই গলির একটি বাসা থেকে ১৬টি ককটেল, এক কেজি গানপাউডার ও দেড় লিটার পেট্রল উদ্ধার করেছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার বাসিন্দারা পালিয়ে গেছে। তারা শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিএনপির ১৪ ও জামায়াত-শিবিরের সাতজনকে গ্রেপ্তার করেছে।
ঢাকার বাইরের চিত্র: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকসহ দুজন। তাঁদের স্বজনদের অভিযোগ, বোমা হামলায় পুড়ে নিহত হলেও পুলিশ অজ্ঞাত কারণে একে ট্রাক দুর্ঘটনা দাবি করে মামলা নেয়নি।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লবণবোঝাই করে বরিশালের উদ্দেশে আসছিল ওই ট্রাক। ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদী গ্রামের দেওয়ানবাড়ির সামনে এতে বোমা হামলা করা হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চালক পটুয়াখালীর কালাইয়া গ্রামের নূর হোসেন (৩৫) ও তাঁর মামাতো ভাই আদমপুর গ্রামের জাফর রাঢ়ি (৩০) ঘটনাস্থলেই মারা যান। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লেগে ট্রাক ডোবায় পড়ে যায়। বোমায় ট্রাকটির উপরিভাগ ও নিহত হওয়া দুজনের মুখমণ্ডল পুড়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আইনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নেভায়।
এদিকে গৌরনদী উপজেলার পূর্ব বাদুড়তলা গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে পুলিশ গতকাল দুপুরে চারটি পেট্রলবোমা উদ্ধার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাও করেছে পুলিশ।
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের জেলা কারাগার এলাকায় সোমবার রাতে চালবোঝাই একটি পিকআপ ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালক কামাল হোসেন (২৮) গতকাল ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামে।
পরিবার জানায়, কামাল হোসেন তিন বছর আগে বিয়ে করেছেন। তাঁর স্ত্রী ও দুই বছরের একটি মেয়ে রয়েছে। নয় বছর ধরে ট্রাক চালিয়ে সংসার চালাচ্ছিলেন কামাল হোসেন। অভাবের তাড়নায় হরতালে জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুর থেকে চাল আনতে গিয়েছিলেন নোয়াখালীর চৌমুহনী বাজারে। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের বোমা হামলার শিকার হন তিনি।
কামাল হোসেনকে নিয়ে গত চার দিনে লক্ষ্মীপুরে বোমা হামলায় তিনজন প্রাণ হারালেন। অন্য দুজন হলেন নোয়াখালীর নূর আলম সুমন ও নাটোরের লিটন হোসেন নয়ন। ওদিকে নূর আলম ও লিটন নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে বিএনপি-জামায়াতের ৮৫ জন নেতা-কর্মীকে আসামি করে দুটি হত্যা মামলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া কসাইখানা এলাকায় একটি দুধবাহী মিনি ভ্যান ও বাঁশবাড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত আটটা ও নয়টার দিকে ঘটনা দুটি ঘটে। আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন মিনি ভ্যানে থাকা দুধ কোম্পানির বিক্রয় সহকারী ঝন্টু পাল। কিছুটা কম দগ্ধ হয়েছেন চালক আনোয়ার ও জিল্লুর রহমান নামে আরও দুজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ঝন্টুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে রাত সাড়ে আটটার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
গতকাল রাত পৌনে নয়টায় নাটোর সদর উপজেলার তোকিয়া এলাকায় নাটোর-রাজশাহী সড়কে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় চালক, চালকের সহকারী ও এক কাঁচামাল ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। এ ঘটনার পরই জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন খানসহ তিনজনকে পুলিশ আটক করেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল বিকেলে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নগরের দেওভোগ আখড়া এলাকায় একটি ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া দুটি ককটেলে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন: শ্রমিক রবিন (৩০) ও করিম (২৫) এবং পিঠা বিক্রেতা নার্গিস (৩২)। তাঁদের ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর শহরের শিববাড়ী বাসস্ট্যান্ডে গতকাল ভোরে একটি বাসে পেট্রলবোমা হামলা ও কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় একটি পণ্যবাহী ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ, দমকল বাহিনী ও এলাকাবাসী গিয়ে আগুন নেভায়। এদিকে নাশকতার বিরুদ্ধে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালনকালে কাছেই একটি ককটেলের বিস্ফোরণ ঘটান রমজান মোল্লা (২০) নামের এক পিকেটার। পরে পালানোর সময় জনতা তাঁকে ধরে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেন। তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ভেতর গতকাল ভোররাতে একদল দুর্বৃত্ত ঢুকে একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়েছে। পরে সেখান থেকে বেরিয়ে উপজেলা বাসস্ট্যান্ডে গিয়ে আরেকটি বাসে পেট্রলবোমা ছোড়ে তারা। এতে দুটি বাসই পুড়ে গেছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার রাতে একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক ও তাঁর সহকারী আগেই নেমে আসতে সক্ষম হন। এ ছাড়া ভৈরব পৌর শহরের ভৈরবপুর মহল্লায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের করতোয়াপাড়া এলাকায় গতকাল চালক ও তাঁর সহকারীকে মারধর করে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে হরতাল-অবরোধকারীরা। চালক ও সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।
খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে সোমবার রাত একটার দিকে সিমেন্টবাহী একটি ট্রাকে ইটপাটকেল ছোড়ার পর তাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালক হাবিবুর রহমান কোনোরকমে প্রাণে বেঁচে যান।
পাবনা শহরে অবরোধ-হরতালের সমর্থনে গতকাল দুপুরে এক মিছিল থেকে একটি ট্রাক ও চারটি অটোরিকশা ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
পাবনার ঈশ্বরদীতে গতকাল মিছিল বের করে তিন-চারটি ট্রাক ও পিকআপ ভ্যান ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁদের ছোড়া ঢিলে আনজু বিশ্বাস (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শহরে গত রাতে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় পেট্রলবোমা হামলা চালায়।
বগুড়ার এরুলিয়া এলাকায় গতকাল সকালে ডালবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি নওগাঁ থেকে বগুড়ায় আসছিল।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}