এক দিনের ছুটি নিয়ে এক বছর অনুপস্থিত দুই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক এক দিনের ছুটি নিয়ে এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্মস্থলে যোগদানের জন্য একাধিকবার চিঠি পাঠিয়েও তাঁদের খোঁজখবর পায়নি কর্তৃপক্ষ। পদ দুটি শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জুলাই থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) আবুল কাশেম মহিউদ্দিন অনুপস্থিত রয়েছেন। আগের দিন ১২ জুলাই তিনি এক দিনের ছুটি নিয়ে আর ফিরে আসেননি। একই বছরের ১ সেপ্টেম্বর থেকে চিকিৎসা কর্মকর্তা কাজী সামসুদ্দোহা অনুপস্থিত রয়েছেন। এর আগের দিন তিনি এক দিনের ছুটি নিয়েছেন। তবে তাঁরা ওই সময় থেকে কোনো বেতন-ভাতাও তোলেননি।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহারিয়া শায়লা জাহান গত ২৩ নভেম্বর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘কাজী সামসুদ্দোহা ও আবুল কাশেম মহিউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি গত নভেম্বর মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মস্থলে যোগদানের জন্য তাঁদের স্থায়ী ঠিকানায় একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, তাঁরা দেশের বাইরে চলে গেছেন।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আবুল কাশেম মহিউদ্দিন ২০১৫ সালের ৬ এপ্রিল এবং কাজী সামসুদ্দোহা ২০১৪ সালের ২০ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এক দিনের ছুটি নিয়ে দীর্ঘ এক বছরেও কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ তাঁদের লক্ষ্মীপুর সদর উপজেলার স্থায়ী ঠিকানায় একাধিকবার চিঠি পাঠিয়েছে। কিন্তু সব চিঠিই প্রেরকের ঠিকানায় ফেরত এসেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, এখানে ২১ জন চিকিৎসক কর্মরত থাকার কথা থাকলেও আছেন ১০ জন। এতে গরিব রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৪০০ রোগী চিকিৎসাসেবার জন্য আসেন।

এ ব্যাপারে একাধিকবার আবুল কাশেম মহিউদ্দিন ও কাজী সামসুদ্দোহার সঙ্গে কথা বলার জন্য তাঁদের মুঠোফোনে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়।