এক নবজাতকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে সেই নবজাতক। ছবি: আসাদুল্লাহ সরকার
হাসপাতালে সেই নবজাতক। ছবি: আসাদুল্লাহ সরকার

পাড়ার বড় ভাইদের সঙ্গে বসে রাতে আড্ডা দিচ্ছিলেন আহনার হাবীব (১৮)। হঠাৎ একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। এ কান্নার আওয়াজ যেকোনো মায়ের কোলে থাকা শিশুর নয় তা সহজেই বুঝতে পারেন তিনি। শুরু হয় কান্নার উৎস খোঁজার সন্ধান। অতঃপর পাশের খাদে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় নবজাতকটিকে পান তিনি।
আহনার দেখেন, নবজাতকের গায়ে কোনো কাপড় নেই। কনকনে শীতে কাঁপছে। নিজের পোশাক খুলে নবজাতকের গায়ে জড়িয়ে তাকে পরম মমতায় কোলে তুলে নেন তিনি। তারপর বাবাকে ও পুলিশকে খবর দিয়ে সোজা হাসপাতালে।
গতকাল রোববার দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি এখন সুস্থ। তবু শিশুটিকে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজে একজন জ্যেষ্ঠ নার্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আহনার হাবীব প্রথম আলোকে বলেন, কনকনে শীতে শিশুটির শরীরের কোনো কাপড় ছিল না। শরীরের নিচের অংশ মাটিতে পোঁতা ছিল। শীতে কাহিল শিশুটি মাঝেমধ্যে কুঁকড়ে কেঁদে উঠে আবার মুখ থুবড়ে পড়ছিল।
ঘটনার সময় আহনারের সঙ্গে থাকা জাকির হোসেন বলেন, আহনার গর্ত থেকে তুলে শিশুটিকে কোলে নেন। তাঁর গায়ে থাকা শীতের পোশাক দিয়ে শিশুটিকে মুড়িয়ে প্রথমে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ও তাঁর বাবাকে বিষয়টি ফোনে জানান। ওসি শিশুটিকে নিয়ে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে একটি ইজিবাইকে করে তাঁরা দুজন শিশুটিকে নিয়ে হাসপাতালে যান। 


কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, দুই তরুণের কাছে শিশুটিকে পথে গ্রহণ করে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান এস এম ওয়ারেস আজ সোমবার প্রথম আলোকে বলেন, ফুটফুটে সুন্দর শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তবে সকাল থেকে শিশুটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় এড়াতে শিশুটিকে একজন জ্যেষ্ঠ নার্সের অফিস কক্ষে যত্নে রাখা হয়েছে। নিঃসন্তান ওই জ্যেষ্ঠ নার্স শিশুটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর কাছে শিশুটি ভালো থাকবে বলে তিনি আশা করেন।

এদিকে কোতোয়ালি থানার ওসি ও পরিদর্শক তদন্ত আবুল হাসনাত খান প্রথম আলোকে বলেন, আজ ভোর ছয়টা থেকে কমপক্ষে ২৫ জন নিঃসন্তান দম্পতি ফোন করে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করে অনুরোধ করেছেন। বেশ কয়েকটি লিখিত আবেদনও পড়েছে। একাধিক পুলিশ কর্মকর্তাও শিশুটিকে নিতে আগ্রহ দেখিয়েছেন। তাঁরা বলেন, কেউ আপদ মনে করে শিশুকে অর্ধেক পুঁতে রেখে গেছে, আর কেউ শিশুটিকে আদর–যত্নে লালনপালন করতে আগ্রহী হয়ে উঠেছেন।