এক নবজাতকের লাশ উদ্ধার, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটারা এলাকা থেকে গতকাল শুক্রবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অজ্ঞাতপরিচয় এক শিশু।
ভাটার থানার উপপরিদর্শক শ্রীরাম চন্দ্র প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পূর্ব নুরেরতলা আশরাফিয়া মাদ্রাসার কাছে মোহাম্মদ ইদ্রিস আলীর পারিবারিক কবরস্থান থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশটি একটি গেঞ্জি দিয়ে মোড়ানো ছিল। কুকুর বা অন্য কোনো প্রাণী নবজাতকটির হাত, নাক ও মুখের মাংস খেয়ে ফেলেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শ্রীরাম চন্দ্র বলেন, কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা জায়নি। তবে মনে হচ্ছে, কেউ বাচ্চাটির লাশ মধ্যরাতে ফেলে গেছে।
এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর জাপান বাংলাদেশ হাসপাতালে দেড় মাস বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটি কার, তা হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ কেউই জানে না।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম খান প্রথম আলোকে বলেন, ২০-২৫ দিন আগে এক দম্পতি দেড় মাস বয়সের শিশুটিকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করান। এরপর এক ফাঁকে তাঁরা চলে যান। হাসপাতালে তাঁরা যে নাম-পরিচয় বা ঠিকানা দিয়েছেন সবই ভুয়া। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে চিকিৎসা দিচ্ছিল। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
নূরে আযম খান বলেন, শিশুটিকে হাসপাতালেই রাখা হয়েছে। যদি কেউ না আসে, তবে লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেওয়া হবে।