এক নারীকে বিদেশে নিয়ে বিক্রি
দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে ওমানে নিয়ে পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে।
ওই নারী গত শনিবার প্রথম আলোকে বলেন, উপজেলার পূর্ব জয়দেবপুর গ্রামের নাজমুল ওমানে থাকেন। নাজমুল তাঁর ছোট ভাই দেলোয়ারের মাধ্যমে তাঁকে (নারী) প্রতি মাসে ২০ হাজার টাকা বেতনে গৃহপরিচারিকার কাজের প্রলোভন দেখান। ভালো বেতনের আশায় তিনি ওমানে যাওয়ার জন্য রাজি হন। তখন নাজমুল তাঁর স্ত্রী রুলি ও ভাই দেলোয়ারকে ৮০ হাজার টাকা দিতে বলেন। তিনি নিজের তিনটি গরু বিক্রি করে ও স্থানীয় জনৈক ব্যক্তির কাছ থেকে প্রতি মাসে শতকরা ১০ টাকা হারে সুদের বিনিময়ে ২৭ হাজার টাকা নিয়ে দেলোয়ার ও রুলিকে ৮০ হাজার টাকা দেন। গত ২০ নভেম্বর তিনি ওমানে যান। ওমান বিমানবন্দর থেকে নাজমুল, তাঁর এক বাংলাদেশি বন্ধু ও এক ওমানি তাঁকে নিয়ে যান। এরপর নাজমুল তাঁকে এক পতিতালয়ে বিক্রি করে দেন। সেখানে তাঁকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়।
ওই নারী আরও বলেন, ওই পতিতালয়ে দুই মাস থাকার পর এক সন্ধ্যায় পালিয়ে এক ট্যাক্সিক্যাব চালকের সহায়তায় তিনি বাংলাদেশ দূতাবাসে যান। সেখানে দুই মাস থাকেন। এরপর ওমানি পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। জেলে দুই মাস থাকার পর সেখানকার পুলিশ ১০ মে তাঁকে বাংলাদেশে পাঠায়।
ওই নারী গতকাল রোববার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি থানায় জানানোর পর নাজমুলের পরিবার তাঁকে হুমকি দিচ্ছে। তিনি এখন আতঙ্কে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার গত শনিবার বেলা আড়াইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই নারী ওমানে যাওয়ার পর নাজমুলের অজ্ঞাতে সেলিম নামের ঢাকার এক ব্যক্তি তাঁকে পতিতালয়ের এক দালালের কাছে বিক্রি করে দেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারী গত শনিবার থানায় এসে ঘটনাটি বলেছেন। তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই নারী মামলা দিলে তা নেওয়া হবে।