এক নেতা ছুরি মারলেন আরেক নেতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি থোয়াইংচ প্রু ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে এই ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আইনবিষয়ক সম্পাদক সাহ্লামং মারমা তাঁকে ছুরি মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থোয়াইংচ প্রুকে আহত অবস্থায় প্রথমে বান্দরবান সদর হাসপাতালে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

        আহত থোয়াইংচ প্রু বান্দরবান সদর হাসপাতালে প্রথম আলোকে জানান, একটি সড়কের কাজে সাহ্লামং মারমার দুর্নীতি করেছেন—এমন অভিযোগ করার জন্য তিনি এলজিইডি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে সাহ্লামং মারমা তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে টেবিলে থাকা একটি কাগজ কাটার ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন। লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চেয়ে সাহ্লামং মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশল দিবাকর রায় বলেন, রোয়াংছড়ির প্রকৌশল কার্যালয়ে দুই ঠিকাদার মারামারি করেছেন। যাঁরা মারামারি করেছেন এটা তাঁদের বিষয়।

 এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা বলেন, সাহ্লামং মারমার সঙ্গে থোয়াইংচ প্রুর আগে থেকে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব ছিল। এই কারণে এমন ঘটনা ঘটতে পারে।

এদিকে থোয়াইংচ প্রুর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলার সদর হাসপাতালের চিকিৎসক ওমর শরীফ বলেন, থোয়াইংচ প্রুর পেটের বাম পাশের আঘাত গভীর। রক্তক্ষরণ বেশি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী। তিনি বলেন, উপজেলা প্রকৌশল কার্যালয়ে মারামারির কথা তাঁরা শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে মামলা হবে।