এক পক্ষের গেছে মানুষ অপর পক্ষের ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি নিয়ে বিরোধের জের ধরে আড়াই মাস আগে হামলায় এমাদ মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হন। এমাদের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মস্তু মিয়া পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এই ঘটনায় হত্যা মামলা হওয়ার পর আড়াই মাস ধরে মস্তু পক্ষ বাড়িছাড়া। তাঁদের ১০টি বসতঘর এখন আর নেই। ভিটি সমতল করে ফেলা হয়েছে। ওই জমিতে রোপণ করা হয়েছে নানা জাতের গাছ। মস্তু পক্ষের অভিযোগ, খুনের মামলা দিয়ে বাড়িছাড়া করে এমাদ পক্ষ তাঁদের বসতভিটা বিরানভূমি করে ফেলেছে।
স্থানীদের ভাষ্য, জমির মালিকানা নিয়ে এক পক্ষ হারিয়েছে মানুষ আর অপর পক্ষ হয়েছে ভিটেহারা। লাভবান হতে পারেনি কেউ।
স্থানীয় কয়েকজন জানান, এমাদ ও মস্তু উভয় পক্ষ উপজেলার রামদি ইউনিয়নের মনোহরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁদের বাড়ি পাশাপাশি। বসতবাড়ির ১২৫ শতাংশ জমি নিয়ে কয়েক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে কিশোরগঞ্জ দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এই নিয়ে চলতি বছরের ২৪ এপ্রিল এমাদের সঙ্গে মস্তু পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মস্তু পক্ষের লোকজন এমাদকে বাড়ির সামনের সড়কে ফেলে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরের দিন এমাদের ছেলে ফরিদ মিয়া বাদী হয়ে মস্তু, তাঁর ভাই সলিম উদ্দিন, চাচাতো ভাই চাঁন বাদশসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মস্তু পক্ষের লোকজন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে আছেন। পুলিশ এরই মধ্যে আসামি সলিম উদ্দিন ও হামিদ মিয়াকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা পলাতক। ঘটনার পর এক এক করে মস্তু পক্ষের লোকদের ১০টি ঘর উধাও হয়ে যায়।
গত ৮ জুলাই সরেজমিনে মনোহরপুর গ্রামে দেখা যায়, ওই ভূমিতে একসময় যে মস্তু পক্ষের ১০টি ঘর ছিল তা বোঝা মুশকিল। পুরো বাড়িটি সমতল। লাঙ্গল দিয়ে চাষ করার চিহ্ন পাওয়া গেছে। সেখানে লাগানো হয়েছে বিভিন্ন জাতের গাছ। বাড়ির পাশ দিয়ে একটি নতুন পথও তৈরি করা হয়েছে। রামদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হবিবুর রহমান বলেন, মস্তু পক্ষের লোকজন এখানে ৪০ বছর ধরে বসবাস করেছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে একটি খুনের পর থেকে তাঁদের ঘরগুলো নেই।
এমাদ পক্ষের বাড়িতে গিয়ে কথা হয় তার ভাই আবদুর রশিদের স্ত্রী আনোয়ারা বেগমের (৬০) সঙ্গে। এখানে ঘর ছিল কি না—জানতে চাইল তিনি বলেন, ‘আছিল, এহন নাই। বানবাতাসে ভাইঙ্গা ফালাইছে।’
গাছ লাগাল কারা—এমন প্রশ্নে এমাদের ভাই জালাল মিয়া বলেন, ‘নরম জায়গা পাইলে গাছ এমনিই হয়, লাগাইতে হয় না।’
এদিকে এমাদের ছেলে ও মামলার বাদী ফরিদ মিয়া অভিযোগ করেন, আসামিরা বাড়িতে না থাকলেও গোপন স্থান থেকে নানাভাবে তাঁদের ভয়ভীতির মধ্যে রেখেছেন। আরও একটি খুন করবেন বলে হুমকিও দিচ্ছেন। মুঠোফোনে কথা হয় মস্তুর চাচাতো ভাই চাঁন বাদশার স্ত্রী আম্বিয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘গুনে গুনে ১০টি টিনের ঘর আছিল। প্রতিটি ঘরে আসবাব ও ইলেকট্রনিকসের সামগ্রী ছিল। সব লুট কইরা নিছে এমাদ পক্ষ।’
চাঁন বাদশার ভাই আঙ্গুর মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, তাঁরা জানতে পেরেছেন ওই বাড়িতে এমাদ পক্ষ এখন ঘর তুলে বসবাস শুরু করবেন।
কুলিয়ারচর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের পরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আসামি পক্ষের বাড়িঘর কেউ ভেঙে নিয়ে গেছে—এমন তথ্য জানা ছিল না। এখন খোঁজ নিচ্ছি।’