এক পক্ষের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এক পক্ষের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে জজ কোর্ট রোড থেকে তঁাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলমের পক্ষ ও জাবেদ রেজার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন জাবেদের পক্ষের আবদুল মান্নান নামের এক ব্যক্তি।

বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আবদুল মান্নানের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, ক্ষমতাসীন দলের দালালি করতে জাবেদ রেজা তাঁর বিরুদ্ধে মামলা করিয়েছেন।

অন্যদিকে জাবেদ রেজা এ অভিযোগ অস্বীকার করে বলেন, জাহাঙ্গীরের সঙ্গে নয়, তাঁদের দ্বন্দ্ব জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে।

জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ক্ষমতাসীন দলের হয়ে এক ব্যক্তির দলে আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সমস্যা হচ্ছে।