কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষ এখনো শান্ত হয়নি। গতকাল শুক্রবার আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের পক্ষ অভিযোগ করে, জয়নাল আবেদীনের পক্ষ তাঁদের ১৬টি ঘর ভাঙচুর এবং ২০টি নলকূপ বিকল করে দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর নবীন লীগের শ্রীনগর ইউনিয়ন কমিটি গঠন করা নিয়ে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ১৩ নভেম্বর নবীন লীগের কমিটি ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে রোববার রাত থেকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ও গ্রামবাসী জানান, গত সোমবার সংঘর্ষ চলাকালে জয়নাল পক্ষের মো. রায়হান নামে এক তরুণের মাথায় ইটের আঘাত লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত বৃহস্পতিবার মারা যান। রায়হানের মৃত্যুর ঘটনায় জয়নাল পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়।
হুমায়ুন পক্ষ অভিযোগ করে, রায়হান মারা যাওয়ার পর জয়নাল পক্ষ ভবানীপুরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভাঙচুরসহ অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারা বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত হুমায়ুন কবির, নুরুল হক, আঙ্গুর মিয়া, সেলিম মিয়া, মলাই মিয়া, মজিবুর রহমান, হুমায়ুন মিয়া, আবদুল হক, জজ মিয়া, সৈয়দ মিয়া, মারফত আলী, শব্দর মিয়া, জামাল মিয়া, কামাল মিয়া, রেনু মিয়া ও আফসার উদ্দিনের ঘর ভাঙচুর করে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, জয়নাল পক্ষ শুধু বাড়িঘর ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, তারা নলকূপ অচল করে দিচ্ছে। এতে বাড়িতে থাকা নারী, বৃদ্ধ ও শিশুরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
ঘর ভাঙচুর ও নলকূপ অকেজো করার অভিযোগ অস্বীকার করে জয়নাল পক্ষের শ্রীনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন বলেন, ‘প্রভাব ধরে রাখার জন্য এমন কোনো কাজ নেই হুমায়ুন করতে পারে না। হুমায়ুন পক্ষের হামলায় এরই মধ্যে আমাদের পক্ষের রায়হান নামে একজন মারা গেছেন। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা মামলা করার জন্য হুমায়ুন পক্ষ নিজেদের ঘর ভেঙে দায় চাপাচ্ছে আমাদের ওপর।’ তিনি আরও জানান, রায়হানকে হত্যার অভিযোগে তাঁর বড় ভাই মস্তুফা মিয়া বাদী হয়ে হুমায়ুন পক্ষের নুরুল হক মাস্টারকে এক নম্বর আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে।’