নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সংবাদ সম্মেলনে অপর পক্ষ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে ঘটা এ ঘটনায় দুজন আহত হন। আহত এক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানয়, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে বাকি পদগুলোতে ত্রিবার্ষিক নির্বাচন গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়নের একটি পক্ষ। বেলা ১১টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক লিখিত বক্তব্য পাঠ শুরু করলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল শ্রমিক হামলা চালান। তাঁরা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। বাধা দিতে গেলে মোটর শ্রমিক স্বপন মাহমুদ ও শাওন হোসেন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুর রাজ্জাক। তিনি বলেন, গত ২৪ নভেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে বাকি পদগুলোতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এ সময় ছিলেন সাবেক সহসাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, মোটর শ্রমিকনেতা এস এম মতিউজ্জামান, ময়েন উদ্দিন ও আবদুল মালেক।
আবদুর রাজ্জাক বলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় সংবাদ সম্মেলনস্থলে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। তাঁদের হামলায় গুরুতর আহত শাওনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, ‘সংগঠনের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি পদগুলোতে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। এখানে গঠনতন্ত্র পরিপন্থী কিছু করা হয়নি।’ সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বহিরাগত লোক নিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কিছু নেতা আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা নিজেরাই নাটক সাজিয়ে গাড়ি চলাচল বন্ধ করার পাঁয়তারা করছেন।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম বলেন, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষ ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।