নিখোঁজ হওয়ার দেড় মাস পরও সন্ধান মেলেনি রংপুরের মিঠাপুকুরের আল-আমিন মিয়া ও জেসমিন আকতার দম্পতি এবং তাঁদের গৃহকর্মী নূরুন নাহারের। আল-আমিনের মায়ের অভিযোগ, সাদাপোশাকে র্যাবের লোকজন তাঁদের তুলে নিয়ে গেছেন।
এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। আল-আমিন মিয়া জামায়াতের একজন সমর্থক বলে এলাকায় পরিচিত।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রংপুর-১৩-এর সহকারী পরিচালক ওয়াসিম ফিরোজ নিখোঁজ আল-আমিনের মায়ের ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
আল-আমিনের মা মাতোয়ারা বেগমের ভাষ্য, মিঠাপুকুরে গত ১৩ জানুয়ারি চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপে হতাহতের ঘটনার পরদিন বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে চিথলি এলাকায় সাদাপোশাকে র্যাবের লোকজন এসে তাঁদের বাড়ি ঘিরে ফেলেন। এ সময় আল-আমিনকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যান তাঁরা। আর জেসমিন আকতার ও গৃহকর্মী নূরুন নাহারকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
আল-আমিনের বাবা শাহজাহান আলী (৬৫) একজন পানদোকানি। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার তাঁর বক্তব্য জানতে বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তবে মা মাতোয়ারা অভিযোগ করেন, ‘ধরে নিয়ে যাওয়ার পর ছেলে, ছেলের বউ ও বাড়ির কাজের মহিলাকে খুঁজতে রংপুর র্যাব অফিসে গেইছিলাম। কিন্তু সেখান থাকি বলা হইছে, এই নামে এখানে কেউ নাই।’
আল-আমিনের মা আরও বলেন, ‘হামার ছাওয়া কোনো রাজনীতি করে না। উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসোত মুহুরিদের (দলিল লেখক) সহকারী। তার দুই ছেলেমেয়ে। বড় ছেলে তৃতীয় শ্রেণিতে ও মেয়ে শিশু শ্রেণিতে পড়ে।’
পরিবারের তিনজন মানুষের এভাবে গায়েব হয়ে যাওয়া নিয়ে এলাকার লোকজনের কাছে জানতে চাইলে কেউ কিছু বলতে রাজি হননি। এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ কিংবা জিডিও করেনি।’
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। আর বিষয়টি আমি জানিও না।’