এক পরিবারের পাঁচ নারীসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণশ্রমিক খুনের ঘটনায় রোববার রাতে একই পরিবারের পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিকেলে ওই পরিবারে তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এক পরিবারের ১১ জনের নাম উল্লেখ করে রোববার রাতে মামলা করেন নিহত নির্মাণশ্রমিক কামাল উদ্দিনের ভাতিজা জোবায়ের হোসেন। এতে গ্রেপ্তার হওয়া আবদুল গফুরকে প্রধান আসামি করে তাঁর মা, ছয় ভাই ও তাঁদের চার স্ত্রীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হাওলাদার জানান, রোববার রাতে আবদুল গফুরের মা হাজেরা খাতুন, তাঁর চার ভাইয়ের স্ত্রী শাহানা বেগম, হাসিনা মমতাজ, সুফিয়ারা ও ফরিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন দুপুরে তিন ভাই আবদুল গফুর (হাসিনা মমতাজের স্বামী), মো. বেলাল (ফরিদা বেগমের স্বামী) ও মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার দুপুরে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে দক্ষিণ চাটরা গ্রামে মৌলভীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হন কামাল উদ্দিন। দুই পরিবারের দুই শিশুর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে অভিভাবকেরা ঝগড়ায় জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ জানান, কামাল উদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।