এক পরীক্ষার্থীর দুই প্রবেশপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সখীপুরে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর নামে দুটি প্রবেশপত্র পাঠানো হয়েছে। তবে দুটি প্রবেশপত্রে নিজের নাম, পিতা ও বিদ্যালয়ের নাম হুবহু থাকলেও একটিতে অপরিচিত এক মেয়ের ছবি রয়েছে।

 উপজেলার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী দিলীপ কুমারের নামে প্রবেশপত্রগুলো সরবরাহ করা হয়েছে। তার বাবার নাম শ্রীদাম কুমার। বাড়ি উপজেলার মহানন্দপুর এলাকায়।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, তাঁদের বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী ৭৭ জন। সপ্তাহ খানেক আগে বোর্ড থেকে ৭৮টি প্রবেশপত্র আসে। এসব ঘেঁটে দেখা যায়, দুটি প্রবেশপত্রে নাম ও পিতার নাম এক কিন্তু ছবি ভিন্ন। অথচ একটি প্রবেশপত্র বেশি হওয়ায় শিক্ষার্থী কাগজে-কলমে একজন বেড়েছে। ফলে অনুপস্থিতির সংখ্যাও দুইয়ের স্থলে তিন হয়েছে। একই নামে দুই প্রবেশপত্র হওয়ার বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হয়েছে।

সূর্যতরুণ ভ্যেনু কেন্দ্রের সচিব আবু নাসের ফারুক বলেন, একই নামে দুই প্রবেশপত্র ও ছবি ভিন্ন হওয়ার বিষয়টি আগের দিন প্রধান শিক্ষক জানানোর কারণে ‘মেয়ের’ ছবি-সংবলিত শিক্ষার্থীর কোনো সিট (আসন) ফেলা হয়নি।

পরীক্ষার্থী দিলীপ কুমার প্রথম আলোকে বলেন, ‘দুটি প্রবেশপত্রে আমার পিতা, মাতা ও বাবার নাম এক থাকলেও রোল, রেজিস্ট্রেশন নম্বর ও ছবি ভিন্ন। একটিতে আমার ছবির জায়গায় একটি অপরিচিত মেয়ের ছবি আসায় বন্ধুরা আমাকে নিয়ে হাসিঠাট্টা করছে। একটু লজ্জাতেও পড়েছিলাম।’

সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ভুলে একটি প্রবেশপত্র ডবল হয়ে এসেছে। ওই প্রবেশপত্রটি বোর্ডের মাধ্যমে বাতিল করা হবে।’