এক প্যান্টে লাভ তিন হাজার টাকা!
১ হাজার ৫৯৫ টাকায় কেনা প্যান্ট ৩ হাজার ২৯৫ টাকা লাভে বিক্রি করা হচ্ছিল ৪ হাজার ৮৯০ টাকায়। একই দোকানে ৪৮০ টাকায় কেনা শার্টের দাম রাখা হচ্ছিল ১ হাজার ৪৫০ টাকা। আজ রোববার খুলনা নগরের নিউ মার্কেটে অভিযানে গিয়ে ‘জালাল শপিং হাউস’ নামের একটি দোকানে এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
এমন অতিরিক্ত মুনাফা করার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মশিউর রহমান ‘জালাল শপিং হাউসের’ মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেন।
মশিউর রহমান প্রথম আলোকে জানান, জনসাধারণের অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউ মার্কেটের কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসব দোকানে বেশি মূল্যে পোশাক বিক্রির প্রমাণ পাওয়া যায়। জালাল শপিং হাউসের প্রতিটি পোশাকে শতভাগের ওপরে মুনাফা করা হচ্ছে। তারা বেশির ভাগ পোশাকের ক্রয় রসিদও দেখাতে পারেনি।
পৃথক অভিযানে অযৌক্তিক দাম রাখায় নিউ মার্কেটের আরেক পোশাকের দোকান ‘ময়নামতিকে’ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম।
এ ছাড়া খুলনার নিউ মার্কেট এলাকায় ‘সেইফ এন সেইভ’ নামের সুপার শপে অভিযান চালানোর সময় আদালত দেখতে পান, ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে। সাতটি ফ্রিজে নোংরা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। দীর্ঘদিনের শুকিয়ে যাওয়া ও পচা আপেল বিক্রি করা হচ্ছে। এসব অপরাধে দোকানের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৩ খুলনার সদস্যরা এ অভিযানে সহায়তা করেন।