কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ নিয়ে ফেরার পথে এক প্রার্থীর মাইক্রোবাসে হামলা করেছে দুর্বৃত্তরা। জেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ের পেছনে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, জেলা নির্বাচন কার্যালয় থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী পনির উদ্দিন আহমেদের সমর্থকেরা প্রতীক বরাদ্দ নিয়ে ফেরার পথে তাঁদের মাইক্রোবাসে গতকাল দুপুরে একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে দেয়।
পনির উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকেরা প্রতীক বরাদ্দ নিয়ে ফেরার পথে জেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ের পেছনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর ছেলের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী বলেন, ‘নির্বাচনী প্রচারণার জন্য আমি ও আমার সমর্থকেরা গতকাল রৌমারী উপজেলায় ছিলাম। আমি ঘটনার কিছুই জানি না। আমি কোনো অন্যায় সমর্থন করি না। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে। এ হামলার সঙ্গে আমার ছেলে জড়িত নয়।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাইক্রোবাসে হামলার ঘটনা হয়েছে শুনেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রার্থী সাবেক সাংসদ মো. জাফর আলী আনারস ও একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি পনির উদ্দিন আহমেদ কাপ-পিরিচ প্রতীক বরাদ্দ পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্যপদে ৬৭ জন ও সংরক্ষিত মহিলা পদে ২৭ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।