এক ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে খুলনা নগরের হেরাজ মার্কেটের মেসার্স হাসান ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই ফার্মেসির মালিকের ভাই মো. সিরাজুল ইসলামকে। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

গত বৃহস্পতিবার হাসান ফার্মেসি থেকে এক ব্যক্তি ড্রাগ ফার্মাসিউটিক্যালসের ‘মেভেরিন এস আর’ ক্যাপসুল কেনেন ৬০টি। ক্যাপসুলগুলো প্রতি পাতায় ১০টি করে থাকার পরিবর্তে আটটি করে ছিল। যার জন্য ওষুধগুলো কেনা হয়েছিল, ওই ব্যক্তি একটি ওষুধ খাওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে ভালো করে দেখেন, ওষুধের গায়ে কোনোটিরই মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া নেই। ওষুধগুলো সবই নষ্ট হয়ে গেছে। তিনি জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে আজ ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

অভিযানের সময় ওই ফার্মেসি থেকে বিপুল পরিমাণ রেজিস্ট্রেশনবিহীন ওষুধ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে আদালত ফার্মেসির মালিকের ভাইকে কারাদণ্ড ও জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ রাখার অপরাধে ওই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ফার্মেসির মালিক মো. সাহেদকে পাওয়া না যাওয়ায় তাঁর ভাইকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।