
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে নিহত সন্দেহভাজন হামলাকারী শফিকুল ইসলামের আচরণে এক বছর ধরেই পরিবর্তন লক্ষ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। হঠাৎ করেই শফিকুল ধর্মের বিষয়ে নানা কড়াকড়ি আরোপ করেন পরিবারের সদস্যদের প্রতি।
গত বছরের ডিসেম্বরে তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যান শফিকুল। পরদিন থেকেই বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোনটি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন এমন তথ্য।
বগুড়ার ধুনট উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে গোসাইবাড়ি ইউনিয়নের চিতলিয়া গ্রামে শফিকুলের বাড়ি। গত শুক্রবার ঈদের পরদিন দুপুর ১২টার দিকে শফিকুলের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। টিনের চালা দিয়ে ঘেরা বাড়িটির সামনে তখন অন্তত ১৫-১৬ জনের জটলা। ঘরটির বারান্দায় খাটে শুয়ে ছিলেন শফিকুলের মা আসিয়া খাতুন।
গুলশান হত্যাকাণ্ডে শফিকুলের জড়িত থাকার বিষয়টি তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন দুদিন পর, টেলিভিশনের খবর দেখে। সেদিন থেকেই শয্যাশায়ী তাঁর মা। অস্ফুট স্বরে বললেন, ‘কপাল, সব কপালের দোষ। আমার যেমন বুক খালি হইছে, এমন অনেকের হইছে। কতজন যে আমার মতো ছল-মাইয়া হারাইল। আমি কী কমু।’
আসিয়া খাতুনও বলছিলেন, ‘আমার ছল (ছেলে) যা করছে অ্যার চ্যায়া বড় খারাপ কাজ হয় না। কিন্তু ছলডা তো আমার অ্যামন আছিল না। কে হেরে এমন করল? ওরে যারা এ পথে আনল তাগো বিচার চাই।’
শফিকুলের বাবা মো. বদিউজ্জামান বর্গাচাষি। বড় ছেলে আসাদুল ইসলাম এসএসসি পাস। মেজো ছেলে রফিকুল ইসলাম প্রতিবন্ধী। সবার ছোট ছিলেন শফিকুল। ধুনটের গোসাইবাড়ি কলেজ থেকে বিএ পাস করেন। বগুড়া আজিজুল হক কলেজে মাস্টার্সে ভর্তিও হয়েছিলেন শফিকুল। কিন্তু অর্থাভাবে আর লেখাপড়া এগোয়নি। তাই পরিবারকে সহযোগিতা করতে আগে থেকেই ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করা বড় ভাই আসাদুলের কাছে চলে যান। সেখানে গিয়ে জামগড়ার কাছে মাদারি মাতবর একাডেমি কেজি স্কুলে শিক্ষকতা শুরু করেন।
বাবা ও বড় ভাই বছর খানেক আগে থেকে শফিকুলের আচরণের পরিবর্তনের কথা জানান। পরিবারের সদস্যদের ওপর ধর্মীয় বিষয়ে কড়াকড়ি আরোপ করতে শুরু করেন। বাবা বদিউজ্জামান বলছিলেন, ‘ওরে এমন আচরণ কহনো করতে দেহি নাই। অবাক হইলেও ছেলে ধর্মকর্মে জোর দিছে মনে করছিলাম। তাই কিছু কই নাই।’
বদিজ্জামানের ধারণা, তাঁর ছেলে অন্তত এক বছর আগে উগ্রবাদী গোষ্ঠীর হাতে পড়েন।
শফিকুলের সঙ্গে গোসাইবাড়ি কলেজে পড়তেন এমন একজন বন্ধু প্রথম আলোকে বলেন, বছর খানেক ধরে তাঁর নামাজ পড়ার আদব-কায়দার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেয়। যা আহলে হাদিসের মতাদর্শীদের নামাজ পড়ার সঙ্গে মেলে।
গত ডিসেম্বরে শফিকুল নিখোঁজ হলেও বিষয়টি থানায় জানায়নি পরিবার। শফিকুলের চাচা আফজাল হোসেন বলেন, ‘একটা বড় ভুল হইয়া গেছে এইটা। কিন্তু হে যে এই পথে যাইব, এইটা কে ভাবছে?’