এক বছর আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়িতে গুলিবিদ্ধ পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা সহসভাপতি প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে এক বছর আগের এক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনসংহতি সমিতির নেতারা।
গত মঙ্গলবার প্রীতিভূষণ সেনাবাহিনীর গুলিতে আহত হন।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা জানান, এক বছর আগে এক শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। ওই শিক্ষিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোসলেম উদ্দিন নামে একজন গণপিটুনিতে মারা যান। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় শতাধিক নারী-পুরুষকে আসামি করে মামলা করা হয়। প্রীতিভূষণকেও ওই মামলায় আসামি করা হয়েছে বলে তিনি শুনেছেন।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা বলেন, ‘প্রীতিভূষণের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা বলেছেন, তাঁকে গ্রেপ্তার করা হবে না। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না করারও তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে আমাদের করণীয় ঠিক করতে হবে।’
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, প্রীতিভূষণের বিরুদ্ধে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোনো মামলা করা হয়নি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এক বছর আগের হত্যা মামলায়। ওই ঘটনায় তিনি জড়িত ছিলেন কি ছিলেন না, তদন্তে জানা যাবে।