এক বছর ধরে নিখোঁজ ছিলেন হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেন। মেডিকেল কলেজে ভর্তির জন্য শহরের রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হন। গত বছরের ২৬ জুলাই সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি তিনি
রাকিবুল হাসান। গতকাল কল্যাণপুরে অভিযানে আহত হওয়ার পর চিকিৎসাধীন
রাকিবুল হাসান। গতকাল কল্যাণপুরে অভিযানে আহত হওয়ার পর চিকিৎসাধীন

রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানায়’ গতকাল মঙ্গলবার পুলিশের অভিযানে আহত অবস্থায় আটক হাসানের প্রকৃত নাম রাকিবুল হাসান (রিগ্যান)। তাঁর বাড়ি বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ-সংলগ্ন জামিলনগরে। পরিবার বলছে, রাকিবুল হাসান এক বছর ধরে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে গত বছরের ২৭ জুলাই তাঁর মা বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
গতকাল দুপুরে বগুড়ার জামিলনগরে রাকিবুল হাসানের বাসায় গিয়ে জানা যায়, তাঁর বাবা রেজাউল করিম ২০১২ সালে মারা গেছেন। সেখানে তিনি মা ও বোনের সঙ্গে থাকতেন। তাঁর মা বগুড়ার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স।
রাকিবুলের মা রোকেয়া আকতার গতকাল প্রথম আলোকে বলেন, বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে হাসান ২০১৩ সালে এসএসসি পাস করেন। ২০১৫ সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর মেডিকেল কলেজে ভর্তির কোচিং করার জন্য তাঁকে শহরের রেটিনা কোচিং সেন্টারে ভর্তি করা হয়। গত বছরের ২৬ জুলাই সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন বগুড়া সদর থানায় জিডি করা হয়। জিডিতে তখন রাকিবুল হাসানের বয়স ১৮ বছর বলে উল্লেখ করেন।
রোকেয়া আকতার দাবি করেন, নিখোঁজ হওয়ার পর গত এক বছরে তাঁর সঙ্গে ছেলের কোনো যোগাযোগ হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল প্রথম আলোকে বলেন, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আটক হাসানই
বগুড়ার জামিলনগরের রাকিবুল হাসান কি না, তা নিশ্চিত হতে গতকাল দুপুরে তাঁর মাকে থানায় ডাকা হয়েছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বগুড়া সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, গত বছরের শেষ দিকে ঢাকার গাবতলীতে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর জঙ্গি হামলায় একজন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায় গ্রেপ্তার বগুড়ার আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের জঙ্গি মাসুদ জিজ্ঞাসাবাদে তাঁর দুই সহযোগীর কথা বলেছিলেন। তাঁরা হলেন রাকিবুল হাসান ও মোহাইমিনুল হাসান (শিহাব)। তখন রাকিবুল হাসানের জামিলনগরের বাসায় কয়েক দফা অভিযানও চালানো হয়েছিল।

রাকিবুল হাসানের মায়ের জিডির তদন্ত করেছিলেন বগুড়া শহরের বনানী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মোন্নাফ। তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ জিডির তদন্ত করতে গিয়ে জানতে পারেন যে জঙ্গি মাসুদ, রাকিবুল হাসান ও মোহাইমিনুল ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী। তাঁদের মধ্যে মোহাইমিনুল তাঁর বাবা-মা জামিলনগরে রাকিবুল হাসানদের বাসায় ভাড়া থাকতেন।

এসআই মো. আবদুল মোন্নাফ বলেন, তিনজনই কোচিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বগুড়ার শেরপুরে কিছুদিন আগে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর দুপচাঁচিয়া উপজেলার ফুলকুঁড়ি গ্রাম থেকে মোহাইমিনুলকে গ্রেপ্তার করা হয়।