এক বছর নিখোঁজ ছিলেন শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে শফিউল ইসলামের সঙ্গে প্রায় এক বছর পরিবারের সম্পর্ক ছিল না। শফিউলের ছোট দুই বোন এবং পরিবারের অন্যান্য সদস্য প্রথম আলোকে এ কথা বলেছেন।
গত বৃহস্পতিবার রাতে শফিউলের খালার বাড়ি সিংড়া ইউনিয়নের বারইপাড়া থেকে ঘোড়াঘাট থানা পুলিশের উপস্থিতে শফিউলের মা শিউলী বেগমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে ঘোড়াঘাট থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব শিউলী বেগমকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শফিউলের নানার বাড়ি বারইপাড়া গ্রামে গেলে তাঁর নানা শরিফ উদ্দিন (৬০) প্রথম আলোকে বলেন, শফিউল বিরামপুরের বিজুল দারুল হুদা স্নাতকোত্তর মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র। কোনো রাজনৈতিক দলের সঙ্গে শফিউলের সম্পৃক্ততা ছিল না বলে তিনি দাবি করেন।