এক বছর পর অভিযোগপত্র দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র ইব্রাহিম সরকার হত্যা মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের এক বছর পর ১৫ জুলাই সখীপুর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সেটি জমা দেন।
জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে বাদ দিয়ে নতুন করে ছয়জনকে অন্তর্ভুক্ত করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে। এতে নিরীহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ নিরীহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ অস্বীকার করেছে।
নিহত ইব্রাহিম সরকার (১৭) উপজেলার ঘাটেশ্বরী গ্রামের লেবু সরকারের ছেলে এবং কালিহাতীর লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুলাই উপজেলার ঘাটেশ্বরী গ্রামের দুটি ক্লাবের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম সরকার খুন হয়। এ ঘটনায় ১৩ জুলাই নিহতের বড় ভাই শিবলু সরকার বাদী হয়ে ঘাটেশ্বরী গ্রামের মানবকল্যাণ যুব সংঘের সভাপতি রবিন আহমেদসহ ১১ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।
ওই মামলার অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন উপজেলার ঘাটেশ্বরী গ্রামের রবিন আহমেদ, হোসেন আলী, আল আমিন, মোকসেদ আলী, জন তালুকদার, সাদ্দাম হোসেন, বাবর আলী, হাফিজ উদ্দিন ও যোগীরকোফা গ্রামের রাজু আহমেদ, ইমন জনি, মিঞ্জু মিয়া ও মহসিন মানু। এজাহারে নাম থাকলেও যাঁরা অভিযোগপত্র থেকে বাদ পড়েছেন তাঁরা হলেন ঘাটেশ্বরী গ্রামের সাইফুল ইসলাম, কালাম মিয়া, মোশাহেদ, লুৎফর রহমান ও যোগীরকোফা গ্রামের রাব্বি মিয়া।
মামলার বাদী শিবলু সরকার অভিযোগ করেন, ‘পুলিশ এক বছরেও এজাহারভুক্ত আসামিদের ধরতে পারেনি। আমরা নিজেরা ধরিয়ে দেওয়ায় পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছিল।’ বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জু অভিযোগ করেন, অভিযোগপত্রে কিছু নিরীহ ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কিছু নাম বাদ দেওয়া হয়েছে।
এজাহারে নতুনভাবে যুক্ত হাফিজ উদ্দিনের আত্মীয় সাইফুল ইসলাম অভিযোগ করেন, পুলিশকে টাকা না দেওয়ায় নির্দোষ হাফিজ উদ্দিনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর এসআই মফিজুল ইসলাম নির্দোষ লোকদের অভিযোগপত্রে নাম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তদন্ত কর্মকর্তা বদলি হওয়ায় কিছুদিন (তিন মাস) আগে আমি এ মামলার দায়িত্ব পাই। সরেজমিন তদন্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।’