এক বছরে শতাধিক মোটরসাইকেল চুরি
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার শরীয়তপুর প্রতিনিধি কাজী মনিরুজ্জামান গত ১৭ অক্টোবর জেলা শহরের ধানুকা এলাকায় আয়কর কার্যালয়ের বাইরে মোটরসাইকেল রেখে যান। ১৫ মিনিট পর ফিরে এসে দেখেন সেটি নেই। পুলিশ এখন পর্যন্ত মোটরসাইকেলটির সন্ধান পায়নি।
কাজী মনিরুজ্জামান বলেন, ‘থানায় মামলা করেছি। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে কারাগারেও পাঠায়। আদালত থেকে ওই ব্যক্তি জামিন নিয়ে বেরিয়ে গেছেন। গাড়ির সন্ধান করতে পারেনি পুলিশ।’
থানা-পুলিশ ও মোটরসাইকেলের মালিক সূত্র জানায়, গত অক্টোবর পর্যন্ত এক বছরে শরীয়তপুরে অন্তত ১২০টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি মোটরসাইকেল নড়িয়া থানা-পুলিশ উদ্ধার করেছে। চুরির ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। তবে পুলিশ তেমন তৎপর থাকে না।
নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া বলেন, এক বছরে নড়িয়ায় ২০টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চারটি উদ্ধার করা গেছে।
গোসাইরহাট উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. শাহজালালের মোটরসাইকেলটি বাড়ির বাইরে থেকে গত ১৬ মে চুরি হয়। এ পর্যন্ত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘গত এক বছরে শতাধিক মোটরসাইকেল চুরির তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে আছি।’