এক বছরেও অভিযোগপত্র দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার কচুবুনিয়া গ্রামের রাজেন্দ্রনাথ হালদার (৮৫) ও তাঁর পুত্রবধূ মেরী রানী হালদার (৪৫) হত্যার আলোচিত মামলায় এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এ অবস্থায় বাবা ও স্ত্রী হত্যার বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী সুশীল রঞ্জন হালদার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুশীল রঞ্জন হালদার ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে বাস করতেন তাঁর বাবা রাজেন্দ্রনাথ হালদার ও স্ত্রী মেরী রানী হালদার। সুশীল-মেরী দম্পতির দুই মেয়ে ভোলা ও পিরোজপুর শহরে থেকে পড়াশোনা করতেন। ২০১৫ সালের ২৭ আগস্ট রাজেন্দ্রনাথ হালদারকে শ্বাসরোধ করে ও মেরী রানী হালদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে সুশীলের চাচাতো ভাই জীবন হালদার ওই বাড়িতে গিয়ে দুজনকে মৃত দেখতে পান। সুশীল রঞ্জন হালদার বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে এজাহারে প্রতিবেশী মৃত্যুঞ্জয়ী মণ্ডলকে (৪৮) সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। তাঁর সঙ্গে জমি নিয়ে সুশীলদের বিরোধ ছিল।
পুলিশ মৃত্যুঞ্জয়ী মণ্ডল, পাশের জীবগ্রামের এমাম হোসেন (২৭), কাঠুলিয়া গ্রামের মজিবর রহমান (৫০) ও সুশীলের চাচাতো ভাই জীবন হালদারকে (৪৫) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। কিন্তু সবাই পরে জামিনে মুক্তি পান।
এদিকে মামলাটির তদন্তভার পিরোজপুর সদর থানা-পুলিশের কাছ থেকে গত নভেম্বর মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। বাদী সুশীল রঞ্জন হালদার বলেন, সিআইডি তদন্তভার নেওয়ার পর এই নয় মাসেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিরোজপুর সিআইডির পরিদর্শক সরদার ইউনুস আলী প্রথম আলোকে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে এবং আসামিদের গ্রেপ্তার করা হবে।