এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গুলি করে আওয়ামী লীগের চার কর্মীকে হত্যার ঘটনার এক বছরের বেশি সময় পার হলেও মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।

গত বছরের ৩১ মে রাতে পুষ্পপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছোড়ে। এতে সুলতান মাহমুদ (৩০), আবদুস সালাম (৩৫), ফজলুর রহমান (৩২) ও রফিকুল ইসলাম (৩৮) নামের চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ তাঁদের স্থানীয় কর্মী হিসেবে দাবি করে। ঘটনার পরদিন নিহত সুলতানের চাচাতো ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় বিভিন্ন সময় ১৮ জনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে চরমপন্থীদের প্রত্যক্ষ মদদ ছিল বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। এর সঙ্গে জড়িত আরও অনেকের নাম পাওয়া গেছে।

অভিযোগপত্র না দিতে পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। স্বজনদের অভিযোগ, পুলিশের উদাসীনতার কারণেই অভিযোগপত্র জমা দিতে দেরি হচ্ছে। ঘটনার পর কিছুদিন পুলিশ ব্যাপক ধরপাকড় করলেও পরে তা থেমে গেছে। ঘটনার মূল নায়কেরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যে ১৮ জনকে পুলিশ বিভিন্ন সময় গ্রেপ্তার করেছিল, তাঁদের মধ্যেও সাতজন জামিনে মুক্তি পেয়েছেন।

ধর্মগ্রামের বাসিন্দা নিহত রফিকুল ইসলামের বাবা সিরাজ প্রামাণিক বলেন, গত এক বছরে পুলিশ কয়েকজন আসামিকে ধরেছে। তাঁদের মধ্যে অনেকেই জামিনে বের হয়ে ঘুরছেন। তবে প্রধান আসামিরা এখনো ধরা পড়েননি। পুলিশ এক বছরেও তদন্ত শেষ করতে পারেনি।

নিহত সুলতানের মা আকিদা খাতুন বলেন, ‘আসামিরা তো দেশেই থাহে, তারপরও পুলিশ কেমনে খুঁজে পায় না, বুঝি না।’ মামলার বাদী জহুরুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর থেকে নিজের নিরাপত্তা নিয়েই আমি সব সময় শঙ্কিত। বাদী হয়েও আসামির মতো পালিয়ে থাকতে হয়।’

এ প্রসঙ্গে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুর রহমান বলেন, প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে সঠিক অভিযোগপত্র দিতে গেলে একটু সময় লাগবেই।