মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী হ্যাপি আক্তার ও সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ ১৩ আগস্ট। কিন্তু এখনো পুলিশ এ ঘটনায় করা দুটির হত্যা মামলায় অভিযোগপত্র দিতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি আট আসামির মধ্যে পলাতক চারজনকে।
এসব মামলা তুলে নিতে আসামিদের স্বজনেরা বাদীপক্ষকে হুমকি ও নানাভাবে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পলাতক আসামিদের একজন দেশ ছেড়েছেন বলে অভিযোগ এসেছে।
গত বছরের এই দিনে ওই দুই স্কুলছাত্রীকে কয়েকজন বখাটে ধর্ষণের পরে হত্যা করে বলে অভিযোগ দুই পরিবারের। এ ঘটনায় নিহত সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার পরদিন (১৪ আগস্ট) মাদারীপুর সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ আনা হলেও পুলিশ মামলায় এ অভিযোগ অন্তর্ভুক্ত করেনি।
আর নিহত হ্যাপি আক্তারের মা মুক্তা বেগম একই বছরের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের পর ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করেন। এ মামলায় আটজনকে আসামি করা হয়। এই আসামিদের মধ্যে সাতজন বিল্লাল সিকদারের করা মামলারও আসামি।
এক বছরেও মামলা দুটির অভিযোগপত্র না দেওয়া প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দুই ছাত্রীর লাশের পুনরায় ময়নাতদন্তে উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদের লাশ গত ২৭ জানুয়ারি কবর থেকে তোলা হয়েছিল। ময়নাতদন্তের জন্য মেডিকেল বোর্ড গঠন করেছিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। ওই বোর্ড এখনো কোনো প্রতিবেদন দেয়নি। এতে মামলার তদন্তপ্রক্রিয়া আটকে আছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এস এম খবিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন কেন আটকে আছে জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।’
এদিকে গত বুধবার এ প্রতিবেদক সুমাইয়া ও হ্যাপিদের বাড়ি মস্তফাপুর গ্রামে গেলে ছুটে আসেন তাদের স্বজনেরা। সুমাইয়ার মা আসমা বেগম ও দাদি কাঞ্চন বিবি অঝোরে কাঁদতে থাকেন। কিছুক্ষণ পর আসেন হ্যাপির মা মুক্তা বেগম। তিনিও কান্নায় ভেঙে পড়েন।
পরে ক্ষোভ ঝেড়ে মুক্তা বেগম বলেন, ‘কী অপরাধ ছিল আমার শিশু মেয়েটার। কেন পাষণ্ডরা ওকে হত্যা করল? হত্যাকারীদের কি বিচার হবে না? এক বছর হয়ে গেল, এখনো আসামিদের কেন গ্রেপ্তার করা হলো না?’
সুমাইয়ার বাবা বলেন, চার আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি উজ্জ্বল পালিয়ে সিঙ্গাপুর গেছে। তাঁর ভাই মনির সিকদার সিঙ্গাপুর থেকে দেশে এসে ভয় দেখাচ্ছেন। মামলা তুলতে চাপ দিচ্ছেন। আসামি সিপনের বাবা কুদ্দুস সিকদার ও চাচা নিজাম সিকদারও চাপ দিচ্ছেন। সন্তান হারানোর পর এখন এমন হুমকিতে গ্রামে থাকতে ভয় হচ্ছে।
মনির সিকদার, কুদ্দুস সিকদার ও নিজাম সিকদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানতে চাইলে মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। তদন্তে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি জানা নেই। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।